বাংলাদেশ স্কুল রাস আল খাইমা এবং ওয়েস্টফিল্ড স্কুল টরন্টো’র দ্বিপাক্ষিক চুক্তি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, আগস্ট ২৮, ২০২২ ১:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, আগস্ট ২৮, ২০২২ ১:১৬ অপরাহ্ণ

এম এনাম হোসেন, দুবাই
বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল এন্ড কলেজ, রাস আল খাইমা, ইউ.এ.ই. এবং ওয়েস্টফিল্ড সেকেন্ডারি স্কুল টরন্টো, কানাডা এর মধ্যে শুক্রবার (২৬ আগষ্ট) দুপুর ৩টায় বিদ্যালয় প্রাঙ্গণে দ্বিপাক্ষিক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।
এই সমঝোতা চুক্তির মাধ্যমে বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল এন্ড কলেজ এর নতুন এক দিগন্তের সূচনা হয়েছে। ইতিপূর্বে বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল এন্ড কলেজে শুধুমাত্র বাংলাদেশি ন্যাশনাল কারিকুলাম ইংরেজি মাধ্যম অন্তর্ভুক্ত ছিল। কিন্তু এই নতুন চুক্তির মাধ্যমে অত্র স্কুলে অধ্যায়নরত ছাত্রছাত্রীরা কানাডিয়ান কারিকুলামে পড়াশোনার সুবিধা পাবেন। বর্তমানে এই চুক্তি অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের কে তাদের পছন্দমতো কারিকুলাম নির্বাচনের সুবিধা এনে দিয়েছে।

চুক্তি সম্পাদনের সময় উপস্থিত ছিলেন অত্র স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি জনাব তাজউদ্দিন, অধ্যক্ষ হাবিবুর রহমান এবং শিক্ষকবৃন্দ। অন্যদিকে ওয়েস্টফিল্ড সেকেন্ডারি স্কুল টরন্টো, কানাডা এর পক্ষে উপস্থিত ছিলেন অত্র স্কুলের চেয়ারম্যান মি. লিও, সি ই ও এবং কো-অর্ডিনেটর মি. রিজুয়ান, সেক্রেটারি মিস. প্রেটি, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ম্যানেজার মি. উইলিয়াম এবং তার টিমের অন্যান্য সদস্যবৃন্দ ।
সম্পাদিত চুক্তির ফলে ছাত্র-ছাত্রীরা ইচ্ছা করলে ও লেভেল কিংবা এ লেভেলের প্রথম বর্ষ বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল এন্ড কলেজ এবং দ্বিতীয় বর্ষ ওয়েস্টফিল্ড সেকেন্ডারি স্কুল কানাডা গিয়ে তাদের ডিগ্রি সম্পন্ন করতে পারবেন। কিংবা সম্পূর্ণ ও লেভেল এবং এ লেভেল বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুলে এন্ড কলেজ ইউএই’তে সম্পন্ন করতে পারেন। এর প্রেক্ষিতে সার্টিফিকেটে কোনো প্রভাব পড়বে না।
এই চুক্তির ভিশন নিয়ে অত্র স্কুলের ম্যানেজমেন্ট কমিটির সভাপতি জনাব তাজউদ্দিন বলেন, আমরা সব সময় পরিবর্তনে বিশ্বাসী, আমরা চাই আমাদের ছাত্রছাত্রীরা বিশ্বায়নের এই যুগে, পরিবর্তনশীল সমাজ ব্যবস্থায়, প্রতিযোগিতামূলক কর্পোরেট ওয়ার্ল্ডে কিংবা যেকোনো প্রতিকূল অবস্থায় নিজেদেরকে মানিয়ে নিতে পারে, সেই জন্য আমরা মনে করি আমাদের এই সিদ্ধান্ত যুগোপযোগী।
জনতার আওয়াজ/আ আ