মর্যাদাপূর্ণ ফলাফল করায় জামায়াত আমিরকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ২:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ২:৪৩ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মর্যাদাপূর্ণ ফলাফল অর্জনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর আমির ডা. শফিকুর রহমানকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দেওয়া এক অভিনন্দন বার্তায় ডা. শফিকুর রহমানের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার নেতৃত্বে দলীয় প্রার্থীরা যে সক্রিয় ও ব্যাপকভাবে অংশগ্রহণ করেছেন, দৃঢ় প্রতিদ্বন্দ্বিতা দেখিয়েছেন এবং নির্বাচনের ফলাফল শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণভাবে গ্রহণ করেছেন—তার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি।
ড. ইউনূস উল্লেখ করেন, নির্বাচনি প্রচারপর্ব থেকে শুরু করে ফলাফল ঘোষণার পরবর্তী সময় পর্যন্ত রাজনৈতিক শিষ্টাচার, সংযম ও দায়িত্বশীল বক্তব্য প্রদর্শন এবং কর্মীদের প্রতি শান্তিপূর্ণ আচরণের আহ্বান দেশের সামগ্রিক রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে বিশেষ ভূমিকা রেখেছে।
বার্তায় তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালনের সময় জামায়াতে ইসলামী যে গঠনমূলক সমর্থন, পরামর্শ ও সহযোগিতা প্রদান করেছে, তার জন্য তিনি বিশেষভাবে কৃতজ্ঞ।
প্রধান উপদেষ্টা বলেন, বর্তমান সময়ে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ পর্যায় অতিক্রম করছে। বৈশ্বিক অর্থনীতি, প্রযুক্তিগত রূপান্তর, জলবায়ু পরিবর্তন, মানবসম্পদ উন্নয়ন এবং সামাজিক ন্যায়বিচারের ক্ষেত্রে দেশের সামনে রয়েছে বহু চ্যালেঞ্জ ও সম্ভাবনা। এই প্রেক্ষাপটে গণতন্ত্রকে আরও শক্তিশালী ও অংশগ্রহণমূলক করতে সরকার ও বিরোধী দল—উভয়েরই দায়িত্বশীল ও নীতিনিষ্ঠ ভূমিকা অপরিহার্য।
ড. ইউনূস আশা প্রকাশ করেন, আপনার নেতৃত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি গঠনমূলক ও দায়িত্বশীল বিরোধী শক্তি হিসেবে জাতীয় সংসদ ও রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করবে। নীতিগত বিতর্ক, আইন প্রণয়নে পরামর্শ প্রদান, জনগণের প্রত্যাশা তুলে ধরা এবং রাষ্ট্রের জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে দেশের রাজনৈতিক সংস্কৃতিকে সুস্থ ও শক্তিশালী করার ক্ষেত্রে জামায়াত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও উল্লেখ করেন, জাতীয় ঐক্য সুসংহত করতে জামায়াত আমির অতীতে যে ভূমিকা রেখেছেন, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন।
বার্তার শেষাংশে প্রধান উপদেষ্টা মহান আল্লাহ্র কাছে ডা. শফিকুর রহমানের ব্যক্তিগত সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করেন।
জনতার আওয়াজ/আ আ