বিএনপির চলমান কর্মসূচিতে জনগণের অভূতপূর্ব সাড়া পেয়েছি : ফখরুল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, আগস্ট ২৯, ২০২২ ২:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, আগস্ট ২৯, ২০২২ ২:৪৩ অপরাহ্ণ

সারাদেশে বিএনপির চলমান কর্মসূচিতে জনগণের অভূতপূর্ব সাড়া পেয়েছি : ফখরুল
সারাদেশে বিএনপির চলমান কর্মসূচিতে জনগণের অভূতপূর্ব সাড়া পেয়েছি জানিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যেসব জেলায় এখনও প্রতিবাদ কর্মসূচি পালন হয়নি সেসব স্থানে আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত এ কর্মসূচি চলবে।
সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিসহ গুম, খুন, হত্যার প্রতিবাদে বিএনপির চলমান কর্মসূচির কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, প্রতিবাদ আন্দোলনে জনগণের অভূতপূর্ব সাড়া পেয়েছি। এখন পর্যন্ত লাখ লাখ মানুষের সমাবেশ হয়েছে।
যশোরে বিএনপি নেতা আনিন্দ ইসলাম আমিতের গাড়িতে হামলা, বাড়িতে হামলার ঘটনা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, তাকে হত্যার উদ্দেশে হামলা চালানো হয়। আল্লাহ অশেষ রহমতে তিতি বেঁচে যান।
এ সময় তিনি মুন্সিগঞ্জ, কুমিল্লা, ময়মনসিংহ, মেহেরপুর, গাজীপুর, নরসিংদী, ঠাকুরগাঁও, চট্টগ্রাম, নোয়াখালী, টাঙ্গাইল, ঢাকা জেলার কেরানীগঞ্জসহ সারাদেশের হামলার ঘটনা তুলে ধরেন। বলেন, একটা মারাত্মক বিষয় হচ্ছে তারা বাড়ি-ঘরে হামলা শুরু করেছে।
মির্জা ফখরুল বলেন, কর্মসূচি পালন করতে গিয়ে এখন পর্যন্ত দলের ৬০ জন গ্রেফতার হয়েছেন। ৭৭৫ জনের বেশি নেতা আহত হয়েছেন। কয়েক শত মামলা দেওয়া হয়েছে।
তিনি বলেন, আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত আমাদের প্রতিবাদ কর্মসূচি চলবে। যেসব জেলায় হয়নি সেসব জেলায় এ কর্মসূচি অব্যাহত থাকবে। ৩০ আগস্ট ঢাকায় আন্তর্জাতিক গুম দিবসের কর্মসূচি আছে। ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আছে। ২ তারিখ আলোচনা সভা আছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, গাজীপুর জেলা সভাপতি ফজলুল হক মিলন, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-সম্পাদক আসাদুল করীম শাহিন, কেন্দ্রীয় নেতা সাইফুল আলম নিরব, আমিনুল ইসলাম প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ