মিশন একটাই, মানুষের প্রত্যাশা অনুযায়ী টিম ওয়াইজ কাজ করতে হবে - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৩৭, শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মিশন একটাই, মানুষের প্রত্যাশা অনুযায়ী টিম ওয়াইজ কাজ করতে হবে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৬ ১:৪৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৬ ১:৪৭ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, আমাদের মিশন একটাই, মানুষের প্রত্যাশা বেশি, প্রত্যাশা অনুযায়ী আমাদেরকে টিম ওয়াইজ কাজ করতে হবে।

তিনি বলেন, মন্ত্রণালয়ের সবাই আমরা একসঙ্গে আন্তরিকতার সঙ্গে কাজ করলে আমরা সফল হবো। কাজ করার ক্ষেত্রে আমাদের যে গাইডলাইন আছে, আমাদের দলের যে ইশতেহার আছে, ইশতেহারকে সামনে রাখবো আমরা।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে নিজের প্রথম কর্মদিবসে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আয়োজিত এক পরিচিতিমূলক সভায় মন্ত্রী এসব কথা বলেন। এর আগে মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে স্বাগত জানান।

মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ‘আমাদের মিশন একটাই– মানুষের প্রত্যাশা বেশি, সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে। কাজ করতে হলে আমাদের টিম ওয়াইজ কাজ করতে হবে। মন্ত্রণালয়ের সবাই আন্তরিকতার সঙ্গে কাজ করলে আমরা সফল হব।’

তিনি আরও জানান, বিগত এক বছরে কাজের কী কী ঘাটতি ছিল তা খতিয়ে দেখে আগামী ১০০ দিনের জন্য একটি লক্ষ্যমাত্রা তৈরি করা হবে।

কাজের ক্ষেত্রে কোনো ধরনের ব্যত্যয় ঘটানো যাবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আপনারা দীর্ঘদিন কাজ করছেন, আপনাদের অভিজ্ঞতা আছে। আমরা রুলস অব বিজনেস বা কার্যবিধিমালার বাইরে যাব না। দলের যে ইশতেহার আছে, সেটিকে সামনে রেখেই কাজ করতে হবে।’ এ সময় তিনি স্বচ্ছতার ওপর গুরুত্বারোপ করে বলেন, যেখানে যা প্রয়োজন তা কর্মকর্তাদের পরিষ্কারভাবে জানাতে হবে।

আসন্ন রমজান ও ঈদুল ফিতর নিয়ে বিশেষ সতর্কবার্তা দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। তিনি বলেন, রমজানের শেষে ঈদের সময় যাতে শ্রমঘন শিল্প বা কলকারখানায় কোনো ধরনের শ্রম অসন্তোষ সৃষ্টি হতে না পারে, সে বিষয়ে আগেভাগেই তৎপর থাকতে হবে। যে কোনো উদ্ভূত পরিস্থিতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত জানানোর নির্দেশ দেন তিনি।

সভায় নবযোগদানকৃত প্রতিমন্ত্রী মো. নুরুল হক প্রথম তিন মাসের একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা বা ‘ওয়ার্ক প্ল্যান’ তৈরির প্রস্তাব দেন। তিনি বলেন, ‘প্রথম তিন মাসের একটি পরিকল্পনা করতে হবে যাতে আমরা মানুষকে বলতে পারি যে এই সময়ে আমরা কী কী কাজ করেছি।’

প্রতিমন্ত্রী আরও জানান, সাবেক উপদেষ্টা বেশ কিছু পরামর্শ দিয়ে গেছেন, যা আমলে নেওয়া হবে। বিশেষ করে ঈদের সময় সম্ভাব্য আন্দোলনের কথা মাথায় রেখে আগেভাগেই সমাধানের পথ খোঁজার তাগিদ দেন তিনি।

পরিচয় সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব সারোয়ার জাহান ভূঁইয়াসহ মন্ত্রণালয় ও বিভিন্ন দপ্তর-সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ