বাংলাদেশ-ভারত ফাইনাল, প্রতিশোধ নাকি পুনরাবৃত্তি - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৪৮, সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাংলাদেশ-ভারত ফাইনাল, প্রতিশোধ নাকি পুনরাবৃত্তি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৬ ৬:০২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৬ ৬:০২ পূর্বাহ্ণ

 

বিনোদন ডেস্ক
ছবি :সংগৃহীত
ব্যাংককের টার্ডথাই ক্রিকেট গ্রাউন্ডে আজ ইতিহাস গড়ার হাতছানি বাংলাদেশ ‘এ’ নারী দলের সামনে। নারী এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টের ফাইনালে আজ ভারতের মুখোমুখি হচ্ছে লাল-সবুজ মেয়েরা। ব্যাংককের তেরদথাই ক্রিকেট গ্রাউন্ডে আজ দুপুর ২টায় দু’দলের ম্যাচটি মাঠে গড়াবে। বাংলাদেশের জন্য ম্যাচটি কেবল শিরোপা জয়েরই নয়, গত আসরের ফাইনালের প্রতিশোধ নেয়ার মঞ্চ। ২০২৩ সালে হংকংয়ের মিশন রোড গ্রাউন্ডে এই ভারতের কাছেই ৩১ রানে হেরে শিরোপাস্বপ্ন ভাঙ্গে টাইগ্রেসদের। ভারতের ১২৭ রানের জবাবে বাংলাদেশ ৯৬ রানেই গুটিয়ে যায়। তিন বছর পর আবারও একই মঞ্চে দুই দল। ফাইনালের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রকাশিত একটি ভিডিওবার্তায় পরিকল্পনা জানান সানজিদা আক্তার মেঘলা। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, গ্রুপ পর্বে সব ম্যাচের পর সেমিফাইনালে পাকিস্তানের সঙ্গে জয় পেয়েছি। আমরা দল হিসেবে পারফর্ম করায় এতদূর এসেছি। আগামীকাল (আজ) ভারতের বিপক্ষে খেলা। আমরা দলীয় প্রচেষ্টায় খেলবো।’ সেমিফাইনালে পাকিস্তানকে মাত্র ৫৬ রানে গুঁড়িয়ে দিয়ে বাংলাদেশ এখন আত্মবিশ্বাসের তুঙ্গে। ১১০ রানের ছোট পুঁজি নিয়েও বোলারদের দাপটে ৫৪ রানের বিশাল জয় তুলে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা। অধিনায়ক ফাহিমা খাতুন ব্যাটে ৪০ রান করার পাশাপাশি বল হাতেও ২ উইকেট নিয়ে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। অন্যদিকে, বল হাতে সানজিদা আক্তার মেঘলা আসরজুড়ে মুগ্ধতা ছড়াচ্ছেন। সেমিফাইনালে মাত্র ৬ রান দিয়ে ৩ উইকেট নিয়ে তিনি পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন। ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিরুদ্ধেও মেঘলার স্পিন বিষ বড় অস্ত্র হতে পারে। ভারতের বিপক্ষে জয় পাওয়া খুব একটা সহজ হবে না। আসরের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় থাকা বৃন্দা দিনেশ (১৫২ রান) এবং সর্বোচ্চ উইকেট শিকারি রাধা যাদব (৯ উইকেট) আছেন দারুণ ফর্মে। ভারতের ব্যাটিং গভীরতা ও নিয়ন্ত্রিত বোলিং বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। ব্যাংককের মন্থর উইকেটে টস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এখানে ১১০ থেকে ১২০ রানের স্কোরও বেশ চ্যালেঞ্জিং হয়ে ওঠে।
টুর্নামেন্টে ভারত ও বাংলাদেশ উভয় দলই গ্রুপ পর্বে নিজেদের সামর্থ্যের প্রমাণ দেয়। গ্রুপ ‘বি’-তে থাকা বাংলাদেশ ‘এ’ দল শতভাগ জয়ের রেকর্ড নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করে। লঙ্কানদের ৪ রানে হারিয়ে আসর শুরু করা বাংলাদেশ পরের ম্যাচে থাইল্যান্ডকে ৩ উইকেটে হারায়। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মালয়েশিয়াকে ৯০ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে সেরা চারে নাম লেখায়। অন্যদিকে গ্রুপ ‘এ’-তে থাকা ভারত ‘এ’ দল প্রথম ম্যাচেই সংযুক্ত আরব আমিরাতের কাছে ৭ উইকেটে হেরে হোঁচট খায়। তবে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৮ উইকেটে হারায়। বাঁচা-মরার লড়াইয়ে নেপালকে ৭ উইকেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ভারত। গ্রুপ পর্বে অপরাজিত থেকে ফাইনালে ওঠা বাংলাদেশ গতবারের রানার্স-আপ তকমা ঝেড়ে ফেলে এবার শিরোপা জিততে পারে কিনা সেটাই দেখার বিষয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ