‘মব’ সৃষ্টি করে দুদকে অভিযোগ আসিফ মাহমুদের বিরুদ্ধে, বললেন নিজেই
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৬ ১:৪০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৬ ১:৪০ পূর্বাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে গিয়ে একপ্রকার ‘মব’ সৃষ্টি করে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ওলেরাউন্ডার সাকিব আল হাসানের একদল ভক্ত। গতকাল বৃহস্পতিবার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এমন ঘটনা ঘটে।
দুদক কার্যালয়ে অভিযোগ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অভিযোগ প্রমাণিত হলে যেকোনো শাস্তি মেনে নেওয়ার কথা বলেছেন তিনি।
আজ শুক্রবার রাজধানীর শ্যামপুর থানায় জাতীয় নাগরিক পার্টি আয়োজিত ইফতার মাহফিল শেষে এ কথা বলেন আসিফ মাহমুদ।
এনসিপির মুখপাত্র বলেন, ‘দুদকে আমার নামে কিছু অভিযোগ গেছে। দুদকে সাকিব আল হাসানের সমর্থকরা যেয়ে মব সৃষ্টি করে অভিযোগ করেছে। আন্দোলনের সময় আমি দায়িত্বে থাকাকালীন সাকিব জুলাই গণ-অভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে এবং শেখ হাসিনাকে সমর্থন করার কারণে সিদ্ধান্ত নিয়েছিলাম, বাংলাদেশের জার্সি পড়ে দেশের পতাকা বহন করার কোনো নৈতিক অধিকার সাকিবের নেই। এখন সেটা যদি দুর্নীতি হয়, কাউকে খেলতে না দেওয়া যদি দুর্নীতি হয়, তাহলে সেটার জন্য আমার শাস্তি হোক আমার কোনো সমস্যা নেই।’
এদিকে দুদক সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করে ২০-৩০ জনের একটি দল সাকিব আল হাসানের পক্ষে স্লোগান দিতে দিতে দুদক কার্যালয়ে জড়ো হয়। পরে তারা অভিযোগ জমা দেয়।
জনতার আওয়াজ/আ আ