আইসিসি’র মাসসেরা সোবহানা মোস্তারি - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৪৫, সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আইসিসি’র মাসসেরা সোবহানা মোস্তারি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ১, ২০২৬ ১:৪৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ১, ২০২৬ ১:৪৩ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশের নারী ক্রিকেটে আবারো আনন্দের উপলক্ষ নিয়ে এলেন সোবহানা মোস্তারি। ২০২৬ সালের জানুয়ারি মাসের আইসিসি ‘উইমেনস প্লেয়ার অফ দ্য মান্থ’ নির্বাচিত হলেন তিনি। আয়ারল্যান্ডের অধিনায়ক গ্যাবি লুইস এবং যুক্তরাষ্ট্রের বাঁহাতি পেসার তারা নরিসকে পেছনে ফেলে মাসসেরা খেলোয়াড় নির্বাচিত হন বাংলাদেশের এ টপঅর্ডার ব্যাটার। গতকাল আইসিসি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয়। নাহিদা আক্তারের পর দ্বিতীয় বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে এই আন্তর্জাতিক স্বীকৃতি কুড়ালেন মোস্তারি। এর আগে ২০২৩ সালের নভেম্বরে প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে আইসিসি মাসসেরার মুকুট জেতেন স্পিনার নাহিদা।
গত মাসে নেপালে অনুষ্ঠিত আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ গ্লোবাল কোয়ালিফায়ারে (বাছাইপর্ব) বাংলাদেশের অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পথে অগ্রনায়ক ছিলেন সোবহানা মোস্তারি। টুর্নামেন্টের প্রথম ছয় ম্যাচে ১৪৫.৮৫ স্ট্রাইক রেট এবং ৪৫.৮০ গড়ে তিনি মোট ২২৯ রান সংগ্রহ করেন। এমন পারফরম্যান্সের পর গত কয়েক দিন ধরেই তার মাসসেরা হওয়ার জোর গুঞ্জন ছিল, যা গতকাল বাস্তবে রূপ নিল। বাছাইপর্বে থাইল্যান্ডকে ৩৯ রানে হারিয়ে বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করে লাল-সবুজের প্রতিনিধিরা। সেই ম্যাচে ৫৯ রানের একটি নজরকাড়া ইনিংস খেলেন মোস্তারি। যা তাকে ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’-এর পুরস্কার এনে দেয়। মিডল অর্ডারে ভরসা হয়ে ওঠা এই ব্যাটার এরপর স্কটল্যান্ডের বিপক্ষেও খেলেন ৪৭ রানের ঝড়ো ইনিংস। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোর তিনটিতেই তিনি ৩০-এর বেশি রান করেন। শুধু ব্যাটিং নয়, অফ স্পিনে একটি উইকেটও শিকার করেন তিনি। মোস্তারির এমন ধারাবাহিক ব্যাটিংয়ের ওপর ভর করেই বাংলাদেশ অপরাজিত থেকে টুর্নামেন্ট শেষ করে এবং আগামী জুন-জুলাইয়ে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল আসরে নিজেদের জায়গা নিশ্চিত করে। এখন পর্যন্ত ওয়ানডেতে ৩০ ম্যাচ খেলে ৪৩৬ রান করেছেন মোস্তারি। কোনো শতকের দেখা না পেলেও দুইবার অর্ধশতকের দেখা পেয়েছেন ডানহাতি এ ব্যাটার। এদিকে পুরুষ ক্যাটাগরিতে জানুয়ারির সেরা খেলোয়াড় হন নিউজিল্যান্ডের ব্যাটার ড্যারিল মিচেল। ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজ জয়ে টানা দুটি সেঞ্চুরি করেছিলেন তিনি। ব্ল্যাক ক্যাপ তারকা ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব ও ইংল্যান্ড তারকা ব্যাটার জো রুটকে পেছনে ফেলে এ স্বীকৃতি পেলেন। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মিচেল ১৩১ রান করেন। তৃতীয় ওয়ানেডতে করেন ১৩৭ রান। ১৭৬ গড়ে ৩৫২ রান করে সিরিজের সেরার পুরস্কার জেতেন মিচেল। দারুণ পারফরম্যান্স করে ওয়ানডে ব্যাটিং র‌্যাঙ্কিয়ের শীর্ষস্থানও দখল করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ