গণভোটের বৈধতাকে আদালতে নিয়ে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে: নাহিদ ইসলাম - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:১১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গণভোটের বৈধতাকে আদালতে নিয়ে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬ ৯:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬ ৯:৪৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত

গণভোটের বৈধতাকে আদালতে নিয়ে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্য (এমপি) নাহিদ ইসলাম।

তিনি বলেন, “আমরা ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দিয়ে গণভোটকে জয়যুক্ত করেছি। সেই গণভোটের গণরায়কে নিয়ে যাওয়া হচ্ছে আদালতে। গণভোটের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে আদালতে। আমরা সেটা মানব না। যদি জনগণের রায়কে আদালতে নিয়ে যাওয়া হয়- আমাদেরও রাজপথে যেতে হবে। কথা পরিষ্কার- আমরা জুলাইয়ের মতো স্লোগান দিতে চাই না ‌‌‌‌‌‘হাইকোর্ট না রাজপথ’। কিন্তু এই স্লোগান দিতে আমাদের বাধ্য করবেন না। গণভোটের গণরায় অনুযায়ী সব সংস্কার বাস্তবায়ন করতে হবে। জনগণের রায়কে আদালতে নিয়ে আদালতকেও প্রশ্নবিদ্ধ করবেন না।”

মঙ্গলবার (৩ মার্চ) কুমিল্লায় এনসিপির কুমিল্লা বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, ‘ভারতের কাছে অবিলম্বে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবি জানাতে হবে। তাকে ফেরত না পাঠালে ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক হবে না। ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করতে হলে আগে জুলাই গণহত্যার বিচার, শেখ হাসিনার বিচার ও ওসমান হাদির হত্যাকারীদের বাংলাদেশে পাঠানোর পর আমরা বিষয়টি ভেবে দেখব। শেখ হাসিনাকে ফেরত না পাঠালে, হাদির হত্যাকারীদের ফেরত না পাঠালে ভারতের সঙ্গে কোনো সম্পর্ক ঠিক হবে না।’

সংবিধান সংস্কার বাস্তবায়নে বিএনপির এমপিদের শপথ নেওয়ার আহ্বান জানিয়ে এনসিপির সদস্যসচিব ও এমপি আখতার হোসেন বলেন, ‘সংবাদমাধ্যমের স্বাধীনতার নামে গুজবের স্বাধীনতা চর্চা হয়। কিছু বিভ্রান্তি সৃষ্টিকারী মিডিয়া ড. মুহম্মদ ইউনূসকে নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। আমরা চাই, গণমাধ্যম সঠিক ও বিভ্রান্তিমুক্ত সংবাদ প্রকাশ করবে।’

আলোচনায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা যতদিন জীবিত থাকব ততদিন দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও সন্ত্রাসের কবর রচনা করব। প্রধানমন্ত্রীকে আহ্বান জানাব শরিফ ওসমান হাদির হত্যার বিচার দ্রুত করতে। না হয় আমরা আপনাদের মতো বলব না- ঈদের পরে আন্দোলন। আমরা আন্দোলনে নামলে হাদি হত্যার বিচার নিয়েই ফিরব।’

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘গণভোটে ৭০ শতাংশ ভোট পেয়ে হ্যাঁ জয়যুক্ত হয়েছে। সংস্কার নিয়ে চোর-পুলিশ খেলা চলছে। আমরা যদি দেখি জুলাই সনদ বাস্তবায়ন হচ্ছে না- তাহলে আবারও রাজপথে নামব। যদি শান্তিতে সরকার পরিচালনা করতে চান তাহলে জুলাই সনদ বাস্তবায়ন ও সংস্কার বাস্তবায়নে মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে সরকারকে।’

অনুষ্ঠানে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এমপি, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহসহ কুমিল্লা বিভাগীয় মহানগর ও জেলার নেতারা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ