ঢাকা মহানগর উত্তর জামায়াতের ‘নাগরিক সেবা অ্যাপ’ উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, মার্চ ৬, ২০২৬ ৩:২২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, মার্চ ৬, ২০২৬ ৩:২২ পূর্বাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
নাগরিক, নগরবান্ধব ও কল্যাণকামী রাজনৈতিক সংগঠন হিসেবে নগরবাসীর সব ধরনের সমস্যা সমাধান ও দুর্দশা লাঘবে আধুনিক নগর ব্যবস্থাপনায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) গড়তে জামায়াত দৃঢ় প্রত্যয়ী বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে রাজধানীর বারিধারায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত ‘নাগরিক সেবা অ্যাপ’ উদ্বোধনকালে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেলিম উদ্দিন বলেন, অপরিকল্পিত নগরব্যবস্থাপনা, দুর্নীতি, লুটপাট ও নগর প্রশাসনকে দলীয়করণ করার কারণেই ডিএনসিসিতে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব হয়নি বরং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বহীনতা ও উদাসীনতার কারণেই নগরজীবনে জনদুর্ভোগ, ভোগান্তি ও অস্বস্তি এখন চরমে উঠেছে। সঙ্গত কারণেই ডিএনসিসিতে ক্রমবর্ধমান মশার উপদ্রব, জলাবদ্ধতা, ময়লা আবর্জনা, যানজট, পরিবহন সেক্টরে নৈরাজ্য ও রাস্তার খানাখন্দক সমস্যা একেবারে প্রান্তিক পর্যায়ে এসে ঠেকেছে। তাই জামায়াত একটি গণমুখী ও দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে নগরবাসীর এসব সমস্যার সাধ্যমত সমাধানের চেষ্টায় এক যুগান্তকারী ও ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে।
তিনি বলেন, সে ধারাবাহিকতায় আজ আমরা ‘নাগরিক সেবা অ্যাপ’ উদ্বোধন করছি। এ অ্যাপের মাধ্যমে নগরবাসী তাদের যেকোনও সমস্যার কথা আমাদের সরাসরি জানালে আমরা সেসব সমস্যা সমাধানে সাধ্যমত চেষ্টা করবো। তিনি এ কর্মসূচিকে সফল করতে স্ব স্ব অবস্থান থেকে জামায়াতকে সহযোগিতা করতে সর্বস্তরের নগরবাসীর প্রতি আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মাহনগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দিন মোল্লা ও মুহাম্মদ ইয়াছিন আরাফাত, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য মুহাম্মদ জামাল উদ্দিন, ভাটারা থানা আমির অ্যাডভোকেট রেজাউল করিম, বসুন্ধরা থানা আমির মো. আবুল বাসার ও যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মুহাম্মদ মঈদ উদ্দিন প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ