আমিরাতে নিহত প্রবাসীর মরদেহ বড়লেখা নিয়ে গেলেন প্রবাসী কল্যাণমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, মার্চ ৯, ২০২৬ ১০:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, মার্চ ৯, ২০২৬ ১০:৫৯ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ফাইল ছবি
দুবাইয়ে বোমা হামলায় নিহত আহমদ আলীর পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। ছবি: খবরের কাগজ
মধপ্রাচ্যে চলমান সংঘাতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বোমা হামলায় নিহত আহমদ আলীর (সালেহ আহমদ) মরদেহ দেশে ফিরেছে।
সোমবার (৯ মার্চ) দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে আসে আহমদ আলীর কফিনবন্দি মরদেহ।
এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী মরদেহ গ্রহণ করেন। তিনি বলেন, আমি নিহতের লাশ নিয়ে তার গ্রামের বড়ি যাবো। তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। নিহতদের পরিবারকে সরকারের তরফ থেকে সাহায্য করা হবে।
এরপর মন্ত্রী তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করতে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় রওনা করেন।
জানা গেছে, ৩৫ বছর ধরে দুবাইয়ে ছিলেন আহমদ আলী। পাসপোর্ট অনুযায়ী আর তার নাম আহমদ আলী হলেও নিজ এলাকায় তিনি সালেহ আহমদ নামে পরিচিত। গত ২৮ ফেব্রুয়ারি দুবাইয়ে ইরানের মিসাইল হামলায় মারা যান তিনি।
এদিকে আহমদ আলীর ছেলে, ভাইসহ পরিবারের সদস্যরা মরদেহ নিতে বিমানবন্দরে আসেন। মরদেহ সিলেটে পৌঁছানোর পর তারা কান্নায় ভেঙে পড়েন। এ সময় প্রবাসীকল্যাণ মন্ত্রী তাদের সান্ত্বনা দেন।
মরদেহ গ্রহণের পর প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, মধ্যপ্রাচ্যে সংঘাতে এ চার বাংলাদেশি মৃত্যুর তথ্য জানতে পেরেছি। তারমধ্যে একজন দুবাই, একজন বাহরাইন ও দুজন সৌদি আরবে মারা গেছেন। আজ একজনের মরদেহ দেশে আনা হলো। পর্যায়ক্রমে মরদেহ আনা হবে। যারা আহত হয়েছেন তারাও সেসব দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমরা তাদের খোঁজখবর নিচ্ছি। পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছি। প্রবাসীদের পাশে আছি আমরা।
জনতার আওয়াজ/আ আ