‘তদ্বির নয়, সরকার সব ক্ষেত্রে মেধার গুরুত্ব দেবে’
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, মার্চ ১৩, ২০২৬ ১১:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, মার্চ ১৩, ২০২৬ ১১:২০ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
‘তদ্বির নয়, সরকার সব ক্ষেত্রে মেধার গুরুত্ব দেবে’ বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (১৩ মার্চ) বিকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ঠাকুরগাঁও জেলা সমিতির আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘আমাদের ছেলেরা শুধু ঘুরে ঘুরে চাকরি খুঁজে বেড়ায়। এভাবে তো চাকরি পাওয়া যাবে না। চাকরি পাওয়া এখন খুব কঠিন। এজন্য আমাদের নিজেদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, বিনিয়োগ করতে হবে এবং ছোট ছোট উদ্যোগ নিয়ে কাজ শুরু করতে হবে।’
মেধার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘মেধাকে প্রাধান্য দিতে হবে। আমরা শুধু বলি অমুকের ভাই, ভাই একটু বলে দেন—এই প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে।’
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘বিশ্বাস করেন, সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত শুধু তদ্বিরই শুনতে হয়। সেই তদ্বিরগুলো মূলত পোস্টিং-টোস্টিং এসব বিষয় নিয়ে।’
তিনি আরও বলেন, ‘দরকার হলে কিছু বিষয় করা যেতে পারে। কিন্তু যদি এগুলোকেই প্রধান গুরুত্ব দেওয়া হয়, তাহলে তা সমস্যার কারণ হয়ে দাঁড়াবে।’
নিজ জেলা ঠাকুরগাঁওয়ের উন্নয়ন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, সেখানে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, চার লেনের সড়ক নির্মাণসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে কাজ করা হবে।
তিনি সমিতির নামে বিভক্তি সৃষ্টির সমালোচনা করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা সমিতির সদস্যরা ছাড়াও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ