বিএনপি’র ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী তারেক রহমান-এর বাণী - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:১২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপি’র ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী তারেক রহমান-এর বাণী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ৩১, ২০২২ ১১:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ৩১, ২০২২ ১১:৪৭ অপরাহ্ণ

 

আজ ১ সেপ্টেম্বর ২০২২। বাংলাদেশ জাতীয়বাদী দল-বিএনপি’র ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। জাতির এক যুগ সন্ধিক্ষণে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দলটি প্রতিষ্ঠা করেছিলেন। ৪৪ বছরের পথযাত্রায় শহীদ জিয়া এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই দল জনগণের মধ্যে একটি স্থায়ী আসন লাভ করেছেন। নানা চড়াই-উৎরাই পেরিয়ে বিএনপি তার রাজনৈতিক দর্শন, ‘বাংলাদেশী জাতীয়তাবাদ’ এবং বহুদলীয় গণতন্ত্রের পতাকা নিয়ে এগিয়ে যাচ্ছে। দেশ ও জাতির প্রতি অঙ্গিকারাবদ্ধ এই দল ৪৪ বছরে দেশবাসীর সমর্থন ও ভালবাসায় সিক্ত হয়ে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলে পরিণত হয়েছে। এই দিনে আমাদের অঙ্গীকার-ইস্পাত কঠিন গণঐক্যের মাধ্যমে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব সুরক্ষা, আইনের শাসন, নারী-পুরুষের সমতা, মৌলিক অধিকার ও অর্থনৈতিক মুক্তির মাধ্যমে স্বনির্ভর, বহুদলীয় গণতান্ত্রিক চেতনায় মানবিক রাষ্ট্র গঠন। এই কাজ করতে গিয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, চক্রান্ত হয়েছে; যার ধারাবাহিকতা এখনও চলছে। নির্মমভাবে শহীদ হয়েছেন বিএনপি’র প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে চক্রান্তমূলক মিথ্যা মামলায় ফরমায়েসী রায় দিয়ে তাঁকে প্রায় পৌনে পাঁচ বছর বন্দী রাখা হয়েছে। বিএনপি’র অগণিত নেতাকর্মীকে নিপীড়ক আওয়ামী সরকারের ঘাতকের গুলিতে প্রাণ দিতে হয়েছে। ৩৫ লক্ষ নেতাকর্মী মিথ্যা মামলায় জর্জরিত। শত শত নেতাকর্মীকে গুম করা হয়েছে। তবুও থেমে থাকেনি বিএনপি’র অগ্রযাত্রা। বর্তমানে চরম অরাজকতায় চারিদিকে শুধুই দীর্ঘ নিঃশ্বাসের শব্দ। আওয়ামী স্বৈরশাহীর মহাদুর্নীতি, হরিলুট ও গায়েবী ভোটসহ সকল অনাচার কায়েম করতে অপশাসনের পাশাপাশি মিথ্যাচার ও ইতিহাস বিকৃতির ডালপালা বিস্তার করে জনদৃষ্টিকে ভিন্নখাতে প্রবাহিত করতেই তারা ব্যস্ত। এমন অবস্থায় দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের অঙ্গীকার হবে-দুঃশাসন মোকাবেলা করে অতীতের মতোই সম্মিলিতভাবে কাজ করতে হবে নিরলসভাবে। জনগণই হচ্ছে বিএনপি’র শক্তির উৎস। মহান স্বাধীনতার মূল চেতনা বহুদলীয় গণতন্ত্রকে পুনরুদ্ধার করে বিএনপি দেশের সমৃদ্ধি, রাষ্ট্রীয় গণতন্ত্রের বিকাশ ও আইনের শাসনের জন্য নিরন্তরভাবে কাজ করে যাবে।
বিএনপি’র ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভক্ষণে আমি বিএনপি’র প্রতিষ্ঠাতা ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করছি গভীর শ্রদ্ধার সাথে। অভিনন্দন জানাই-দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি, যিনি শত নির্যাতন-নিপীড়ন সহ্য করেও তিনি তাঁর লক্ষ্য অর্জনে অবিচল থাকছেন। সম্মান জানাই দলের একনিষ্ঠ নেতা-কর্মী ও সমর্থকদের, যারা গুম-খুন ও সর্বনাশা আক্রমণের ভয়কে জয় করে ফ্যাসিবাদের বিরুদ্ধে নৈতিক লড়াই অব্যাহত রেখেছেন। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমি বিএনপি’র সকল প্রয়াত-নিহত নেতাকর্মীর আত্মার মাগফিরাত কামনা করছি। নির্যাতিত-নিপীড়িত নেতাকর্মীর প্রতি সম্মান ও সহমর্মিতা প্রকাশ করছি। সেইসাথে এই যুগসন্ধিক্ষণের দিন উপলক্ষে আমি দেশবাসীকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ