দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে আপসহীন অবস্থানের অঙ্গীকার নাহিদের - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:১২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে আপসহীন অবস্থানের অঙ্গীকার নাহিদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬ ৩:৩৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬ ৩:৩৯ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় নেতা নাহিদ ইসলাম বলেছেন, মহান স্বাধীনতা দিবসে শহিদদের রক্তের ঋণ শোধ করতে জবাবদিহিমূলক, ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার করছি।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বুধবার (২৫ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, স্বাধীনতার চেতনায় দুর্নীতি, অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে আপসহীন অবস্থান নিয়ে এগিয়ে যাওয়া হবে। একটি আধুনিক, উন্নত ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা হবে, যেখানে প্রতিটি নাগরিকের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা সমানভাবে নিশ্চিত থাকবে।

তিনি বলেন, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আমাদের ইতিহাসে এক গৌরবময় দিন। মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সব বীর শহিদ এবং নির্যাতিত বীরাঙ্গনাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই।

নাহিদ বলেন, ১৯৭১ সালের স্বাধীনতা কেবল একটি ভূখণ্ডের অর্জন নয়; এটি ছিল ন্যায্যতা, সাম্য, গণতন্ত্র ও মানবিক মর্যাদার ভিত্তিতে রাষ্ট্র গঠনের অঙ্গীকার। কিন্তু স্বাধীনতার এত বছর পরও সেই অঙ্গীকার পুরোপুরি বাস্তবায়িত হয়নি।

তিনি অভিযোগ করেন, গণতন্ত্রের স্বাভাবিক ধারাকে বাধাগ্রস্ত করে বারবার স্বৈরাচার ও ফ্যাসিবাদের শাসন চাপিয়ে দেওয়া হয়েছে। রাষ্ট্রকে দুর্বল করে বিদেশি শক্তির কাছে নতজানু করার অপচেষ্টাও হয়েছে।

তিনি বলেন, তবুও দেশের মানুষ কখনও পরাজয় মেনে নেয়নি। অধিকার ও মর্যাদার প্রশ্নে বারবার জেগে উঠেছে।

জুলাইয়ের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, হাজারো শহিদের আত্মদানের বিনিময়ে জাতি স্বৈরশাসন থেকে মুক্তি পেয়েছে এবং গণতান্ত্রিক অধিকার ও জাতীয় আত্মমর্যাদা পুনরুদ্ধার হয়েছে।

তিনি বলেন, শহিদদের রক্তের ঋণ শোধ করতে একটি জবাবদিহিমূলক, ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গড়ে তোলা হবে। দুর্নীতি, অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে আপসহীন অবস্থান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সত্য, ন্যায্যতা, সাহস ও দেশপ্রেমের আদর্শে নিজেদের গড়ে তুলতে হবে। আমাদের হাতেই রচিত হবে আগামীর বাংলাদেশ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ