৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, এপ্রিল ১, ২০২৬ ৫:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, এপ্রিল ১, ২০২৬ ৫:২৭ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ছবি: মামুন হোসেন
আগামী শিক্ষাবর্ষে ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
তিনি বলেন, সরকারের পক্ষ থেকে ক্রীড়া বৃত্তি প্রদান করা হবে। একটি ক্রীড়াবান্ধব পরিবেশের মাধ্যমে একটি সুস্থ জাতি, মাদকমুক্ত সমাজ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
বুধবার (১ এপ্রিল) দুপুরে সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
বিগত সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে আমিনুল হক বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকার উন্নয়নের নামে মেগা দুর্নীতি করেছে। এ কারণেই সিলেট জেলা স্টেডিয়ামে এসে অব্যবস্থাপনা দেখলাম। যে জরাজীর্ণ অবস্থা দেখলাম সেটা দুঃখজনক।’
এ সময় প্রতিমন্ত্রী সিলেট জেলা স্টেডিয়াম সংস্কার করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।
তিনি বলেন, সবকিছু ঠিক থাকলে আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রথম পর্যায়ের সাতটি ইভেন্টকে নিয়ে নতুন করে স্পোর্টস শুরু করতে যাচ্ছে সরকার। একইদিনে দেশের ৬৪ জেলায় নতুন কুঁড়ি স্পোর্টস শুরু হবে। সিলেটসহ সারা দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী ইতোমধ্যে সব জাতীয় ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়াভাতা দিয়েছেন।
সম্মানী হিসেবে ক্রীড়া কার্ড দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, গত এক বছরে দেশের হয়ে পদক জেতাদের পুরস্কৃত করা হয়েছে। প্রথম দিন ১২৯ জনকে ক্রীড়া কার্ডের আওতায় আনা হয়েছে, আগামী ৭ দিনের ভিতরেই বাকি ৫০০ জনকে কার্ড দেওয়া হবে।
মঙ্গলবার সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশের পরাজয় নিয়ে তিনি বলেন, ‘আমাদের দল হেরে গেছে, এতে হতাশার কোনো কারণ নেই। আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমরা অতীতকে মনে রাখব, অতীত থেকে শিক্ষা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। হার-জিত থাকবেই। বর্তমান সরকারের চিন্তা অনুযায়ী- আগামীর ফুটবল, ক্রিকেট, কাবাডি, বাস্কেটবল, আর্চারি, শ্যুটিং থেকে শুরু করে সব স্পোর্টসকে সমানভাবে গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে যেতে চাই’।
এর আগে দুপুরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনে যান প্রতিমন্ত্রী।
জনতার আওয়াজ/আ আ