যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি চেয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬ ২:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬ ২:৫৭ অপরাহ্ণ

কূটনৈতিক প্রতিবেদক
ছবি সংগৃহীত
দেশের জ্বালানি-নিরাপত্তা নিশ্চিত করতে এবার যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চাইল বাংলাদেশ। এ লক্ষ্যে মঙ্গলবার ওয়াশিংটনে দেশটির জ্বালানি বিভাগের সচিব ক্রিস রাইটের সঙ্গে সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
সাক্ষাতে সরবরাহ চেইন ব্যাহত হওয়ার কারণে বাংলাদেশ জ্বালানিসংক্রান্ত চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে বলে তুলে ধরেন ড. খলিলুর রহমান। তিনি বাংলাদেশের জ্বালানি-নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর কাছে সহায়তা ও সমর্থন কামনা করেন।
এ সময় ক্রিস রাইট জ্বালানি চ্যালেঞ্জের কথা স্বীকার করে এই কঠিন সময়ে বাংলাদেশের জ্বালানি-নিরাপত্তা নিশ্চিতে সহায়তা করার প্রতিশ্রুতি দেন। তিনি জানান, বাংলাদেশের অনুরোধ বিবেচনা করে তিনি ও তার দল যুক্তরাষ্ট্র সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে। উভয় পক্ষ বাংলাদেশের জন্য নিরাপদ জ্বালানি সমাধানে দীর্ঘমেয়াদি সহযোগিতা এবং যুক্তরাষ্ট্রের জ্বালানি পণ্য ক্রয় বৃদ্ধির সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।
এ সময় নির্বাচনে জয়লাভের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান ক্রিস রাইট। তিনি দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের প্রত্যাশা করেন।
বৈঠকে ক্রিটিক্যাল মিনারেলস অ্যান্ড এনার্জি ইনোভেশনের (সিএমইআই) সহকারী সচিব মিসেস অড্রে রবার্টসন এবং ডিওই কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম, ডেপুটি চিফ অব মিশন ডিএম সালাহউদ্দিন মাহমুদ এবং দূতাবাসের ইকোনমিক মিনিস্টার ড. মো. ফজলে রাব্বি।
জনতার আওয়াজ/আ আ