১ জুলাই থেকে শুরু হবে ৫ম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি: সংসদে প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, এপ্রিল ১৫, ২০২৬ ৩:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, এপ্রিল ১৫, ২০২৬ ৩:২৯ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
আগামী ১ জুলাই থেকে পাঁচ বছরমেয়াদি ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ শুরু হতে যাচ্ছে। এ কর্মসূচির আওতায় দেশের অবশিষ্ট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৫ এপ্রিল) সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৪তম দিনের প্রথম সেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।
চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরীর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সরকারের ইশতেহার অনুযায়ী প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি জানান, বর্তমানে দেশে প্রাথমিক বিদ্যালয়ের মোট শিক্ষক সংখ্যা তিন লাখ ৭৬ হাজার ৪৮৯ জন। এর মধ্যে চলমান ‘চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় ইতোমধ্যে এক লাখ ৩০ হাজার শিক্ষককে ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, নতুন কর্মসূচির মাধ্যমে বাকি শিক্ষকদেরও ধাপে ধাপে প্রশিক্ষণের আওতায় আনা হবে। এর ফলে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নত হবে এবং শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা বাড়বে বলে আশা করা হচ্ছে।
একই অধিবেশনে উপকূল বিষয়ক মন্ত্রণালয় গঠনের প্রশ্নের জবাবে তিনি বলেন, সুনীল অর্থনীতির উন্নয়ন ও উপকূলীয় অঞ্চলের টেকসই ব্যবস্থাপনার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ সরকার বিবেচনা করছে।
জনতার আওয়াজ/আ আ