বাণিজ্যমন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের বৈঠক - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:২৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের বৈঠক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬ ১২:১৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬ ১২:১৮ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেন। বুধবার (১৫ এপ্রিল) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর দপ্তরে এ বৈঠক হয়। বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও কার্যকরভাবে কাজে লাগিয়ে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী। তিনি বিশেষভাবে তৈরি পোশাক, টেক্সটাইল, কৃষিভিত্তিক শিল্প এবং লাইট ইঞ্জিনিয়ারিং খাতে যৌথ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

মন্ত্রী আরও বলেন, চামড়া ও পাটজাত পণ্যের খাতে তুরস্কের বিনিয়োগকারীরা আগ্রহ দেখালে উভয় দেশই লাভবান হতে পারে। বাংলাদেশের উৎপাদন ব্যয় তুলনামূলক কম হওয়ায় তুর্কি উদ্যোক্তারা এখানে বিনিয়োগ করে উৎপাদন কার্যক্রম পরিচালনা করলে স্বল্প সময়ের মধ্যেই লাভবান হওয়ার সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেন দেশের বিনিয়োগ সম্ভাবনার প্রশংসা করে বলেন, বাংলাদেশের অর্থনীতি দ্রুত বিকাশ লাভ করছে এবং এখানে দক্ষ মানবসম্পদ বিদ্যমান, যা তুর্কি বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত আকর্ষণীয়। তিনি পরিবেশবান্ধব পাটপণ্যের ভূয়সী প্রশংসা করে জানান, তুরস্কে এসব পণ্যের চাহিদা ও কদর রয়েছে।

এছাড়া, জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় খন্দকার আব্দুল মুক্তাদিরকে আন্তরিক অভিনন্দন জানান রাষ্ট্রদূত।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রফতানি) মো. আবদুর রহিম খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ