বিসিএসে দলীয়করণে ব্যবস্থা নেওয়া হবে: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:২০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিসিএসে দলীয়করণে ব্যবস্থা নেওয়া হবে: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬ ৩:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬ ৩:৩৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
জাতীয় সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানিয়েছেন, বিসিএস ক্যাডার নিয়োগে অতীতে দলীয়করণ ও দুর্নীতির অভিযোগে ইতোমধ্যে অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম চলছে। দুর্নীতি দমন কমিশন-সহ (দুদক) সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাগুলো বিষয়টি খতিয়ে দেখছে এবং তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অধিবেশনে পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস লিখিত প্রশ্ন উত্থাপন করেন।

প্রশ্নে তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে প্রশাসনে দলীয়করণ, বরখাস্ত, বাধ্যতামূলক অবসর এবং ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করার সংখ্যা জানতে চান।

জবাবে প্রতিমন্ত্রী জানান, গত ১৬ বছরে প্রশাসন ক্যাডারের ১২ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে, ৩৯ জনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং ৫৬৪ জন কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে।

একই সঙ্গে তিনি বলেন, বিসিএস নিয়োগে অনিয়ম ও দলীয় প্রভাবের অভিযোগগুলো তদন্তাধীন রয়েছে।

এদিকে সরকারি শূন্যপদ পূরণের বিষয়ে প্রতিমন্ত্রী বিস্তারিত কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি জানান, ৬ মাস, ১ বছর ও ৫ বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর আওতায় ৬ মাসে ২ হাজার ৮৭৯টি, ১ বছরের মধ্যে ৪ হাজার ৪৫৯টি এবং ৫ বছরের মধ্যে ৩ হাজার ১১০টি শূন্যপদে নিয়োগ দেওয়া হবে।

সংসদে উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে মোট শূন্যপদের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি। এর মধ্যে প্রথম থেকে নবম গ্রেডে ৬৮ হাজার ৮৮৪টি, দশম থেকে দ্বাদশ গ্রেডে ১ লাখ ২৯ হাজার ১৬৬টি, ত্রয়োদশ থেকে ষোড়শ গ্রেডে ১ লাখ ৪৬ হাজার ৭৯৯টি এবং সপ্তদশ থেকে বিংশ গ্রেডে ১ লাখ ১৫ হাজার ২৩৫টি পদ শূন্য রয়েছে।

প্রতিমন্ত্রী আরও জানান, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও গতি আনতে উদ্যোগ নেওয়া হয়েছে। মুখস্থনির্ভর সিলেবাসের পরিবর্তে দক্ষতাভিত্তিক মূল্যায়ন পদ্ধতি চালুর পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে বিসিএস পরীক্ষার সিলেবাস পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে এবং ভবিষ্যতে যোগ্যতা ভিত্তিক সাক্ষাৎকার পদ্ধতি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, নিয়োগ প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কমিয়ে এক বছরের মধ্যে একটি বিসিএস সম্পন্ন করার লক্ষ্যে কাজ চলছে, যা প্রশাসনে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সহায়ক হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ