ঈশাণকোণে রাজনৈতিক অস্থিরতার মেঘ জমতে শুরু করেছে : সাইফুল হক - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৩১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঈশাণকোণে রাজনৈতিক অস্থিরতার মেঘ জমতে শুরু করেছে : সাইফুল হক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ ৫:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ ৫:২৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, বহুল প্রত্যাশিত নির্বাচন ও বিএনপির নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরও দেশে কাঙ্ক্ষিত রাজনৈতিক স্থিতিশীলতায় বিপদের লক্ষণ দেখা যাচ্ছে। জনগণের বিপুল প্রত্যাশা নিয়ে নতুন সরকার গঠনের দুই মাস না যেতেই ঈশাণকোণে রাজনৈতিক অস্থিরতার মেঘ জমতে দেখা যাচ্ছে।

রোববার (২৭ এপ্রিল) বিকেলে সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সভার দ্বিতীয় দিনে সকালের অধিবেশনে তিনি এসব কথা বলেন।

সংসদের ভেতরে বাইরে জাতীয় রাজনীতিতে সন্দেহ অবিশ্বাস ক্রমে বেড়ে চলেছে বলে উল্লেখ করে সাইফুল হক বলেন, সংসদের ভেতরে বিএনপি এই পরিস্থিতি সামাল দিতে পারলেও সংসদের বাইরে জনপরিসরে যথেষ্ট আত্মবিশ্বাস নিয়ে পরিস্থিতি মোকাবিলায় সক্ষমতা প্রদর্শন করতে পারছে না।

তিনি আরও বলেন, জনগণের বিপুল ম্যান্ডেটে সরকার পরিচালনার দায়িত্ব নেওয়ার পর যে রাজনৈতিক ও নৈতিক শক্তি নিয়ে বিএনপির দেশ পরিচালনা করার কথা সেক্ষেত্রে ইতোমধ্যে বেশকিছু ঘাটতিও লক্ষ্য করা যাচ্ছে।

সাইফুল হক বলেন, সংস্কারের যেসব প্রশ্নে বিএনপি সবচেয়ে বেশি সমালোচনার সম্মুখীন, সেসব বিষয়ে দেশবাসীর কাছে বিএনপি তার অবস্থান যথেষ্ট পরিষ্কার করতে পারেনি; যে কারণে জনগণের মধ্যে এক ধরনের বিভ্রান্তি তৈরি হচ্ছে। আর এসব ইস্যুতে পরোক্ষভাবে বিএনপি তার গৌরবজনক অর্জনের অনেক কিছুই বিরোধী পক্ষের হাতে তুলে দিচ্ছে।

তিনি এসব বিষয় বিএনপিকে পুনরায় ভেবে দেখার আহ্বান জানান।

সংসদের ভেতরে ও বাইরে রাজনৈতিক দল ও জনগণকে আস্থায় নিয়ে বিদ্যমান রাজনৈতিক বিতর্ক থেকে বেরিয়ে আসতে বিএনপি তথা নতুন সরকারের প্রতি আহ্বান জানান সাইফুল হক।

পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আলোচনায় অংশগ্রহণ করেন— পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, মাহমুদ হোসেন, সজীব সরকার রতন, অ্যাড. মাহবুবুল করিম টিপু, রাশিদা বেগম, সাইফুল ইসলাম, মৃদুল বডুয়া, সাইফুর রেজা মামুন, নির্মল বড়ুয়া মিলন, মাসুদুর রহমান মাসুদ, শাহজাহান সিকদার, মীর রেজাউল আলম, ফিরোজ আলী, জসিম উদ্দিন রাঢ়ী প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ