হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে ইরান, দাবি ট্রাম্পের - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৩২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে ইরান, দাবি ট্রাম্পের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ ১০:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ ১০:৫৫ অপরাহ্ণ

 

আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
হরমুজ প্রণালিতে আরোপিত মার্কিন নৌ অবরোধ তুলে নিতে ইরান অনুরোধ জানিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।

পোস্টে ট্রাম্প লিখেছেন, ইরান তাদের জানিয়েছে যে দেশটি এখন ‘পতনের দ্বারপ্রান্তে’ রয়েছে। তার ভাষায়, ইরান চায় যুক্তরাষ্ট্র যেন যত দ্রুত সম্ভব হরমুজ প্রণালি খুলে দেয়, কারণ তারা নিজেদের নেতৃত্বসংক্রান্ত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। একই সঙ্গে ট্রাম্প মন্তব্য করেন, তিনি বিশ্বাস করেন ইরান তা করতে সক্ষম হবে।

এর আগে গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পুরোপুরি কার্যকর ও বহাল থাকবে, যতক্ষণ না ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি শতভাগ সম্পন্ন হচ্ছে।

প্রসঙ্গত, চলতি মাসের শুরুতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। এর পরপরই হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ শুরুর ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।

এদিকে ইরানি বন্দর অবরোধ অব্যাহত থাকলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে সতর্ক করেছে এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র সৌদি আরব।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াদ ট্রাম্প প্রশাসনের ওপর চাপ দিচ্ছে যাতে হরমুজ প্রণালির অবরোধ তুলে নেওয়া হয় এবং দুই পক্ষ আবারও আলোচনার টেবিলে ফিরে আসে।

আরব কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে আরও বলা হয়, সৌদি আরব আশঙ্কা করছে, ইরানের বন্দরগুলো বন্ধ করে দেওয়ার মার্কিন পদক্ষেপ তেহরানকে আরও কঠোর প্রতিক্রিয়ার দিকে ঠেলে দিতে পারে। এর ফলে অঞ্চলটির অন্যান্য গুরুত্বপূর্ণ নৌপথও ব্যাহত হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।

হরমুজ প্রণালি দিয়ে ইরানের সব ধরনের পণ্য চলাচল বা রপ্তানি সীমিত করার মার্কিন সিদ্ধান্তের মূল লক্ষ্য হলো আগে থেকেই চাপে থাকা ইরানের অর্থনীতির ওপর আরও চাপ সৃষ্টি করা।

তবে সৌদি আরব যুক্তরাষ্ট্রকে সতর্ক করে জানিয়েছে, এর পাল্টা প্রতিক্রিয়ায় ইরান বিশ্বের চতুর্থ বৃহত্তম বাণিজ্যিক নৌপথ বাব আল-মান্দেব প্রণালি বন্ধ করে দিতে পারে। লোহিত সাগরের এই গুরুত্বপূর্ণ সংকীর্ণ জলপথ বর্তমানে সৌদি আরবের তেল রপ্তানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সূত্র: বিবিসি, আলজাজিরা

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ