দলগুলো শ্রমিকের ভোট চায়, অধিকার দিতে চায় না: সাইফুল হক
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬ ১০:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬ ১০:৫১ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
রাষ্ট্রক্ষমতায় যাওয়ার জন্য দেশের বিভিন্ন রাজনৈতিক দল শ্রমিকদের ভোট চায়, কিন্তু তাদের অধিকার দিতে চায় না বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
তিনি বলেন, ‘দলগুলো শ্রমিকদের ব্যবহার করে। কিন্তু তাদের গণতান্ত্রিক ও মানবিক অধিকার দেয় না।’
মহান মে দিবস উপলক্ষে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) শ্রমজীবী-কর্মজীবী মানুষদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এক বিবৃতিতে এসব কথা বলেন সাইফুল হক।
শ্রমিকদের নিজেদের অধিকার আর মর্যাদা প্রতিষ্ঠায় নতুন করে শপথ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘একবিংশ শতাব্দীতে শ্রমিকরা এখনো নির্মম-নিষ্ঠুর অমানবিক শোষণ, বঞ্চনা আর নিপীড়নের শিকার। শ্রমিকরা এখন যে মজুরি পায় তা দিয়ে মাসের ১৫-২০ দিন পরিবার নিয়ে বেঁচে থাকাই কঠিন। এখনও তাদের বড় অংশের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানসহ মানবিক জীবন নেই বললেই চলে। অথচ মজুরি বাড়ানোসহ বেঁচে থাকার ন্যায্য দাবির আন্দোলনকে ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করা হয়।’
সাইফুল হক বলেন, ‘গত দেড় দশকে শ্রমজীবী সাধারণ মানুষের ভোটের অধিকারই ছিল না। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর ভোটের জন্য শ্রমিকদের কিছুটা মূল্য বেড়েছে সত্য, কিন্তু দেশের নির্বাচনিব্যবস্থার কারণে শ্রমিকদের কারও ভোটে দাঁড়ানো বা জিতে আসার কোনো সুযোগ নেই। বর্তমানে জাতীয় সংসদেও শ্রমিকদের কার্যকর প্রতিনিধিত্ব নেই।’
শ্রমিক সুস্থভাবে বাঁচতে না পারলে উৎপাদনশীলতা কমে যাবে, জাতীয় অর্থনীতির রুগ্নদশাও কাটানো যাবে না বলেও উল্লেখ করেন এই নেতা।
তিনি শ্রমিকদের জন্য বাঁচার মতো মজুরি নির্ধারণ, শ্রমিক পরিবারের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানের উপযুক্ত ব্যবস্থাসহ তাদের মানবিক ও গণতান্ত্রিক দাবি পূরণে বিশ্বাসযোগ্য পদক্ষেপ নিতে নতুন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি অবিলম্বে বন্ধ কলকারখানা চালু করারও দাবি জানিয়েছেন।
জনতার আওয়াজ/আ আ