সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি জনপ্রশাসনের কোনো পদও নয়: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, মে ৩, ২০২৬ ৩:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, মে ৩, ২০২৬ ৩:৩১ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি জনপ্রশাসনের কোনো পদও চিরস্থায়ী নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রবিবার (৩ মে) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জেলা প্রশাসক সম্মেলন ২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
ডিসিদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘জনপ্রশাসনের প্রতিটি পদই অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করতে হবে এবং দেশের যেকোনো স্থানে দায়িত্ব পালনের জন্য নিজেদের সব সময় প্রস্তুত রাখতে হবে।’
তিনি বলেন, ‘সততা মেধা, দক্ষতাই সরকারের নীতি, এসব দেখেই পদোন্নতি বা বদলি করবে সরকার, এটাই বিএনপির নীতি।’
এ সময় জেলা প্রশাসকদের দৃষ্টি আকর্ষণ করে সরকারপ্রধান বলেন, ‘সন্ধ্যা ৭টার পর মার্কেট ও শপিংমলে বিদ্যুৎ ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে এবং এ বিষয়ে নজরদারি বাড়াতে হবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের ইতিহাসে সবচেয়ে দুর্বল অর্থনীতির সময় দায়িত্ব নিয়েছে বর্তমান সরকার। আড়াই মাসে কিছুটা পরিস্থিতিরি উন্নতি হলেও তা এখনও সন্তোষজনক না। বিগত ফ্যাসিবাদী সরকারের রেখে যাওয়া ৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়েই সরকার কাজ শুরু করেছে।’
দেশে দারিদ্র্য ও বেকারত্ব বেড়েছে উল্লেখ করে তিনি দাবি করেন, ‘দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে জনগণের দুর্ভোগ না বাড়িয়ে সমস্যার সমাধানের পথ খুঁজে বের করার চেষ্টা চলছে।’
জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়ন করা হবে জানিয়ে তারেক রহমান বলেন, ‘নির্বাচনি ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত জুলাই সনদের সব বিষয় পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।’
এর আগে, সকাল ১০টা ২০ মিনিটের দিকে সচিবালয়ে নিজ দপ্তর থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে সম্মেলনস্থলে যান প্রধানমন্ত্রী। এ সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ তাকে শুভেচ্ছা জানান এবং তিনি হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দেন।
জনতার আওয়াজ/আ আ