১৫ লাখ ডোজ হামের ভ্যাকসিন দেশে পৌঁছেছে: স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, মে ৬, ২০২৬ ৪:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, মে ৬, ২০২৬ ৪:৪৭ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি : সংগৃহীত
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫ লাখ ডোজ হামের ভ্যাকসিন দেশে পৌঁছেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি নিজে উপস্থিত থেকে টিকার এই চালান গ্রহণ করেন। বুধবার (৬ মে) বেলা প্রায় পৌনে ১২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চালানটি গ্রহণ করা হয়।
এসময় স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে হাম-রুবেলা ও ওরাল পোলিওসহ মোট ১০ ধরনের টিকা এসেছে। তিনি বলেন, এই নতুন চালান দেশের নিয়মিত টিকাদান কর্মসূচিতে চলমান সংকট কাটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, সম্প্রতি দেশে হামের প্রকোপ বেড়ে যাওয়ায় জরুরি প্রয়োজন বিবেচনায় দ্রুত সময়ের মধ্যে এই টিকাগুলো আনা হয়েছে। একই সঙ্গে নিয়মিত মজুত থাকা টিকাগুলো জরুরি ক্যাম্পেইনে ব্যবহার করায় সাময়িক সংকট তৈরি হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।
এই চালানে হাম-রুবেলা ও ওরাল পোলিও টিকার পাশাপাশি বিসিজি, পেন্টাভ্যালেন্ট, পিসিভি এবং টাইফয়েড টিকাও অন্তর্ভুক্ত রয়েছে। ফলে শিশু ও জনস্বাস্থ্যের সুরক্ষায় বহুমাত্রিক এই টিকা সরবরাহ গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করা হচ্ছে।
মন্ত্রী জানান, ইতোমধ্যে দেশে ১৫ লাখ ডোজ হামের টিকা এসে পৌঁছেছে। তিনি আশ্বাস দেন, ভবিষ্যতে আর কোনো টিকার সংকট তৈরি হবে না।
সরদার সাখাওয়াত হোসেন বলেন, মাত্র ২৪ দিনের মধ্যে এই টিকা দেশে আনা সম্ভব হয়েছে, যা সরকারের জন্য একটি উল্লেখযোগ্য সাফল্য। তিনি আরও জানান, আগামী ১০ মে’র মধ্যে হামসহ ১০ ধরনের মোট ১ কোটি ৮ লাখ ডোজ ভ্যাকসিন দেশে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
জনতার আওয়াজ/আ আ