আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ছুটি ৭ দিন - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:৫৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ছুটি ৭ দিন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মে ৮, ২০২৬ ১:৪২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মে ৮, ২০২৬ ১:৪২ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ঈদ–উল–আজহার ছুটির বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। তবে ছুটির আগে ২৩ ও ২৪ মে সরকারি অফিস খোলা থাকবে বলে সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ের নবনির্মিত ১ নম্বর ভবনে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো প্রেস ব্রিফে এ তথ্য জানানো হয়।

ব্রিফে বলা হয়, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে ২৩ ও ২৪ মে সরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে বৈঠকে ‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬’-এর খসড়াও অনুমোদন দেওয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে প্রণীত এ নীতিমালার মূল লক্ষ্য হচ্ছে সারাদেশে স্বাস্থ্যসম্মত ও মানসম্মত পাবলিক টয়লেট সুবিধা নিশ্চিত করা এবং টয়লেট ব্যবহার ও পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করা।

নীতিমালায় নারী, শিশু, প্রতিবন্ধী ব্যক্তি, বয়স্ক ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ব্যবহারবান্ধব টয়লেট সুবিধা নিশ্চিত করার কথা বলা হয়েছে। একই সঙ্গে সড়ক ও মহাসড়কের উপযুক্ত স্থানে নারী ও পুরুষের জন্য পৃথক পাবলিক টয়লেট স্থাপনের উদ্যোগ নেওয়ার নির্দেশনা রয়েছে।

এ ছাড়া সব পাবলিক টয়লেটে সেফটি ট্যাংক নির্মাণ বাধ্যতামূলক করা হয়েছে, যাতে কোনোভাবেই টয়লেটের বর্জ্য নদী, খাল-বিল বা জলাশয়ে গিয়ে পানি দূষণের কারণ না হয়।

শিক্ষার্থীদের স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহারে সচেতন করতে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রিসভার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নীতিমালাটি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়ন করতে হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ