প্রতিনিধি হিসেবে জনগণের সঙ্গে সরাসরি সম্পর্ক বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ’ - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:২৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রতিনিধি হিসেবে জনগণের সঙ্গে সরাসরি সম্পর্ক বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ১২, ২০২৬ ১০:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ১৩, ২০২৬ ৩:৫৭ অপরাহ্ণ

 

পীরগাছা (রংপুর) প্রতিনিধি
ছবি :সংগৃহীত

প্রতিনিধি হিসেবে জনগণের সঙ্গে সরাসরি সম্পর্ক বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন আখতার হোসেন। তিনি বলেন, নির্বাচিত হওয়ার পর অনেক জনপ্রতিনিধি সাধারণ মানুষের সঙ্গে এক ধরনের দূরত্ব তৈরি করেন। ফলে জনগণ সহজে তাদের সমস্যার কথা তুলে ধরতে পারেন না।

মঙ্গলবার (১২ মে) দিনব্যাপী উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত ত্রৈমাসিক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী নিয়মিত এলাকায় যাতায়াত করছি। প্রতি তিন মাসে দুই উপজেলায় মতবিনিময় সভারও আয়োজন করা হচ্ছে।

এসব মতবিনিময়ের মাধ্যমে এলাকার নাগরিকরা বিভিন্ন সমস্যার কথা সরাসরি তুলে ধরছেন জানিয়ে তিনি বলেন, এতে নতুন প্রতিনিধি হিসেবে দৃষ্টির বাইরে থাকা অনেক বিষয় সামনে আসছে এবং দ্রুত পদক্ষেপ নেওয়া সহজ হচ্ছে। পাশাপাশি জাতীয় পর্যায়ের বিভিন্ন নীতিগত বিষয়েও জনগণের মতামত পাওয়া যাচ্ছে, যা সংসদে তুলে ধরতে সহায়ক হবে।

তিনি বলেন, এলাকার উন্নয়ন সংক্রান্ত নানা বিষয়—রাস্তা-ঘাট, ব্রিজ, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ-মন্দির, কবরস্থান-শ্মশানসহ সামাজিক অবকাঠামো উন্নয়নের দাবি মানুষ সরাসরি জানাচ্ছেন। তরুণদের খেলাধুলা ও সামাজিক কার্যক্রম নিয়েও আলোচনা হচ্ছে। এসব চাহিদা তালিকাভুক্ত করে ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। বরাদ্দ ও বাস্তবায়নের তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হচ্ছে, যাতে জবাবদিহিতা নিশ্চিত হয়।

কৃষকদের দুরবস্থার কথা তুলে ধরে তিনি বলেন, ধানের মৌসুমে কৃষকরা ন্যায্যমূল্য পাচ্ছেন না। প্রায় সাড়ে সাতশ টাকা দরে ধান বিক্রি করতে হচ্ছে, অথচ উৎপাদন খরচ—সার, তেল ও শ্রমিকের মজুরি—সবই বেড়েছে। অনেক ক্ষেত্রে এক মণ ধান বিক্রি করেও একজন শ্রমিকের মজুরি পরিশোধ করা যাচ্ছে না।

একটি ‘জনসেবা সেন্টার’ চালুর পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, সেখানে মানুষ বিভিন্ন সেবা ও পরামর্শ পাবেন। ইতোমধ্যে অনানুষ্ঠানিকভাবে কিছু কার্যক্রম শুরু হয়েছে, বিশেষ করে চিকিৎসাসেবা নিতে যাওয়া রোগীদের সহায়তায় উদ্যোগ নেওয়া হয়েছে।

আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও জবাবদিহিতার এই চর্চা শুধু তার এলাকায় নয়, সারা দেশে প্রতিষ্ঠিত হলে একটি সুন্দর, দায়িত্বশীল ও জনমুখী রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠবে।

মতবিনিময় সভায় উপজেলার প্রায় দুই শতাধিক মানুষের কথা শোনেন সংসদ সদস্য আখতার হোসেন এবং সেগুলো সমাধানের আশ্বাস দেন।মতবিনিময় সভায় উপজেলার প্রায় দুই শতাধিক মানুষের কথা শোনেন সংসদ সদস্য আখতার হোসেন এবং সেগুলো সমাধানের আশ্বাস দেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ