সশস্ত্র বাহিনীর ভূমিকা আরও দৃশ্যমান করতে হবে: প্রতিরক্ষা উপদেষ্টা - জনতার আওয়াজ
  • আজ রাত ২:২৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সশস্ত্র বাহিনীর ভূমিকা আরও দৃশ্যমান করতে হবে: প্রতিরক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬ ১০:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬ ১০:৪৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি :সংগৃহীত
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম।

বৃহস্পতিবার (১৪ মে) ঢাকা সেনানিবাসে আইএসপিআর কার্যালয় পরিদর্শন করেন তিনি। এ সময় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন উপস্থিত ছিলেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে প্রতিরক্ষা উপদেষ্টার বরাত দিয়ে আরএসপিআর তার বক্তব্য তুলে ধরেছে।

প্রতিরক্ষা উপদেষ্টা তার বক্তব্যে বলেন, অনেক ক্ষেত্রে সংরক্ষণশীল তথ্যপ্রবাহ, সীমিত প্রচার এবং পর্যাপ্ত জনসম্পৃক্ততার অভাবে জনগণের কাছে সশস্ত্র বাহিনীর বহুমাত্রিক কার্যক্রম সম্পর্কে পূর্ণাঙ্গ ও সঠিক ধারণা পৌঁছায় না। এই প্রেক্ষাপটে আইএসপিআরকে জনগণের সঙ্গে সশস্ত্র বাহিনীর যোগাযোগ আরও সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা পালন করতে হবে। সশস্ত্র বাহিনীর দেশপ্রেম, পেশাদারত্ব, জনকল্যাণমূলক কার্যক্রম, দুর্যোগে সহায়তা, জাতীয় উন্নয়নে অবদান এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ইতিবাচক ভূমিকা তথ্যনির্ভর, দায়িত্বশীল ও গ্রহণযোগ্যভাবে দেশবাসীসহ আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরতে হবে।

তিনি বলেন, সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি শান্তিকালীন, দুর্যোগকালীন, সংকটকালীন পরিস্থিতিসহ যেকোনো জাতীয় প্রয়োজনের মুহূর্তে জনগণের পাশে থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। একই সঙ্গে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারত্ব, শৃঙ্খলা ও মানবিক ভূমিকা দেশের মর্যাদা বৃদ্ধি করছে।

এর আগে প্রতিরক্ষা উপদেষ্টা আইএসপিআর পরিদপ্তরে পৌঁছালে প্রতিষ্ঠানটির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ দৌলা চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ