বিস্কুটের গুঁড়া-মিষ্টির রস খায় ‘সোনা বাবু’-‘রুপালি রাজ’, দাম ৩১ লাখ - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৪২, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিস্কুটের গুঁড়া-মিষ্টির রস খায় ‘সোনা বাবু’-‘রুপালি রাজ’, দাম ৩১ লাখ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ২৩, ২০২৬ ৬:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ২৩, ২০২৬ ৬:৪২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
চারদিন পরেই পবিত্র ঈদুল আজহা। আর এ ঈদ ঘিরে পশুর হাটে বরাবরই বড় ও আকর্ষণীয় গরুর প্রতি থাকে বাড়তি নজর। এবার তেমনই এক চমক নিয়ে হাজির হয়েছেন পাবনার এক খামারি। নিজের খামারে দীর্ঘদিন ধরে লালন-পালন করা বিশালাকৃতির দুটি গরু নিয়ে এবার হাটে এসেছেন তিনি। নাম রেখেছেন ‘সোনা বাবু’ ও ‘রুপালি রাজ’। ৩০ ও ২৭ মণ ওজনের এ দুই গরুর দাম হাঁকাচ্ছেন ৩১ লাখ টাকা।

শনিবার (২৩ মে) রাজধানীর আফতাবনগর সংলগ্ন সানভ্যালি গরুর হাটে দেখা মিলেছে গরু দুটির। বিশালাকৃতির হওয়ায় ‘সোনা বাবু’ ও ‘রুপালি রাজ’কে দেখতে ভিড় করছেন ছোট-বড় সব বয়সী মানুষ।

আফতাবনগরের এ হাটে ৪০টি গরু আনেন বাহার উদ্দিন। সবকটিই নিজের খামারের বলে জানিয়েছেন তিনি। এর মধ্যে সবার নজর কাড়ছে বড় আকৃতির গরু দুটি।

বাহার উদ্দিন বলেন, আমার খামারের একটি বড় জার্সি জাতের গাভিকে জার্মানি থেকে আনা উন্নত জাতের বীজ দেওয়া হয়েছিল। সেই বীজ থেকেই জন্ম নেয় গরু দুটি। জন্মের পর প্রথম দুই থেকে তিন বছর বাছুর দুটিকে মায়ের দুধ খাইয়ে বড় করা হয়। এরপর দীর্ঘ সময় ঘরের ভেতরে রেখে বিশেষ যত্নে লালন-পালন করা হয়েছে।

খামারি জানান, গরু মোটাতাজা করতে কোনো ধরনের ইনজেকশন বা ক্ষতিকর ওষুধ ব্যবহার করা হয়নি। গরু দুটির প্রতিদিনের খাদ্য তালিকায় রয়েছে- শুকনা খড়, গম ও ভুট্টার গুঁড়া। একই সঙ্গে এক কেজি বিস্কুটের গুঁড়া ও এক লিটার মিষ্টির রস খাওয়ানো হয়। নিজের মিষ্টির দোকান থাকায় প্রতিদিন তাজা রস এনে গরুকে খাওয়ানো হয় বলে জানান তিনি।

তিনি আরও জানান, শখ করেই গরু দুটির নাম রাখা হয়েছিল। এর মধ্যে- সোনা বাবুর ওজন প্রায় ২৭ মণ এবং রুপালি রাজের ওজন ৩০ মণ। বড় গরুটির দাম চাওয়া হচ্ছে ১৬ লাখ, অন্যটির ১৫ লাখ টাকা। তবে ভালো দাম পেলে ঈদের আগেই গরু দুটি বিক্রি করে দেওয়া হবে।

এদিকে, সকাল থেকেই সানভ্যালিতে বসা গরু-ছাগলের এ হাটে ক্রেতাদের আসতে দেখা যায়। কেউ কিনছেন, আবার কেউ দরদাম করছেন। তবে ঈদের দু’দিন আগেই গরু বা ছাগল কেনা শেষ করবেন বলে জানিয়েছেন কয়েকজন ক্রেতা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ