ইউনিসেফ হামের ভ্যাকসিনের জন্য ৭ বার রিমাইন্ডার দিয়েছিল: স্বাস্থ্যমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৫৮, সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ইউনিসেফ হামের ভ্যাকসিনের জন্য ৭ বার রিমাইন্ডার দিয়েছিল: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ২৫, ২০২৬ ৩:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ২৫, ২০২৬ ৩:০৩ অপরাহ্ণ

 


জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল ইউনিসেফ হামের ভ্যাকসিনের জন্য সাত বার রিমাইন্ডার দিয়েছিল বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. শাখাওয়াত হোসেন।

তিনি বলেন, ‘হামের প্রকোপের বিষয়টি মাথায় ইউনিসেফ আওয়ামী লীগ সরকার এবং কেয়ারটেকার সরকারকে সাত বার রিমাইন্ডার দেওয়ার পরও তারা ভ্যাকসিন নেয় নাই, তারা প্রাইভেটে কিনতে চেয়েছিল, পয়সা খাওয়ার জন্য। আমরা দায়িত্ব নেওয়ার পর বিষয়টি জানতে পেরে দ্রুত পদক্ষেপ নিয়েছি। এর ফলও আসতে শুরু করেছে। আমরা চাই না- হামে কোনো মায়ের বুক খালি হোক।’

সোমবার (২৫ মে) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও কুমিল্লা সদর হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

সরদার মো. শাখাওয়াত হোসেন বলেন, দেশের হামের টিকাদান কর্মসূচির লক্ষ্যমাত্রা অর্জনের হার ১২২ শতাংশে পৌঁছেছে। এখন পর্যন্ত দুই কোটিরও বেশি শিশুকে টিকা দেওয়া হয়েছে। প্রথম ধাপে যে ১৮টি উপজেলায় টিকাদান ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছিল, সেখানে হামের সংক্রমণের হার প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে।

ঈদুল আজহার আগে হাসপাতালগুলোতে জরুরি চিকিৎসাসেবা সঠিকভাবে পরিচালিত হচ্ছে কি-না, তা দেখতেই কুমিল্লার দুই হাসপাতাল পরিদর্শন করতে আসেন স্বাস্থ্যমন্ত্রী।

পরিদর্শনে গিয়ে মন্ত্রী হাসপাতালের বিভিন্ন সংকট ও সমস্যার কথা শোনার পাশাপাশি খাবারের মান যাচাই করেন। এ ছাড়াও রোগীদের বিভিন্ন অভিযোগের কথা শোনেন।

এ সময় কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান, সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশিরসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ