রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহতের ঘটনায় যা বললেন সেতুমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৩৯, সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহতের ঘটনায় যা বললেন সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ২৫, ২০২৬ ৪:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ২৫, ২০২৬ ৪:৩১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত

টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হওয়ার ঘটনায় চালকের ভুল ছিল বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্য ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, দুর্ঘটনাটি চালকের নিয়ন্ত্রণ হারানোর কারণেই ঘটেছে।

সোমবার (২৫ মে) দুপুরে রাজধানীর ফার্মগেট মেট্রোরেল স্টেশনে ৬৫ বছরের বেশি বয়সী, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য মেট্রোরেলে ২৫ শতাংশ ভাড়া ছাড়ের বিশেষ কার্ড উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রত্যক্ষদর্শীদের মতে, ড্রাইভারের ভুলের কারণে টাঙ্গাইলে দুর্ঘটনা হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত ঘটনা। তবে রাস্তা ব্যবস্থাপনায় কোনও ত্রুটি ছিল না।

ঈদযাত্রা নিয়ে তিনি বলেন, আগামী দুদিনে দেড় কোটির বেশি মানুষ ঢাকা ছাড়তে পারেন। এ সময় যাত্রীদের নির্ধারিত টিকিট কেটে এবং নিয়ম মেনে যাতায়াতের আহ্বান জানান তিনি। বাস বা ট্রাকে ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত না করারও পরামর্শ দেন মন্ত্রী।

ফিটনেসবিহীন যানবাহনের বিষয়ে শেখ রবিউল আলম বলেন, এখনও পর্যাপ্ত সংখ্যক ফিটনেসসম্পন্ন গাড়ি না থাকলেও ধাপে ধাপে ফিটনেসবিহীন যান চলাচল বন্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে সোমবার ভোর ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলার সারতৈল এলাকায় রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন এবং আহত হন আরও ১০ জন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ