তিন দেশে ৩ উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে বিশ্বকাপ - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৩৬, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তিন দেশে ৩ উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে বিশ্বকাপ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ১০, ২০২৬ ৬:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ১০, ২০২৬ ৬:১৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
ইতিহাসে প্রথমবার তিনটি ভিন্ন দেশে তিনটি জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠতে যাচ্ছে বিশ্বকাপের। মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্র- এই তিন আয়োজক দেশের তিনটি ভিন্ন স্টেডিয়ামেই আয়োজন হবে উদ্বোধনী অনুষ্ঠান।

তিন দেশের ফুটবলপ্রেমীরাই উপভোগ করবেন নিজস্ব সংস্কৃতি ও বৈশ্বিক তারকাদের চোখ ধাঁধানো পরিবেশনা। প্রতিটি আয়োজক দেশের নিজস্ব উদ্বোধনী ম্যাচের ঠিক ৯০ মিনিট আগে এই অনুষ্ঠানগুলো শুরু হবে।

বিশ্বকাপের এই উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের সূচনা হচ্ছে আগামী ১১ জুন রাত ১১টা ৩০ মিনিটে মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আসতেকাতে।

এই প্রথম অনুষ্ঠানে পপ তারকা শাকিরা ও নাইজেরিয়ান শিল্পী বার্না বয় যৌথভাবে এবারের আসরের অফিশিয়াল থিম সং ‘দাই দাই’ পরিবেশন করবেন।

মেক্সিকোর ঐতিহ্য ও আধুনিক ল্যাটিন সুরের মিশেলে সাজানো এই অনুষ্ঠানে আরো থাকছেন জে বালভিন ও পপ ব্যান্ড মানার মতো জনপ্রিয় তারকারা।

পর দিন শুক্রবার (১২ জুন) রাত ১১টা ৩০ মিনিটে কানাডার টরন্টোর বিএমও ফিল্ডে অনুষ্ঠিত হবে দ্বিতীয় উদ্বোধনী আয়োজন। এই মঞ্চে পারফর্ম করবেন মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট ও আলিসিয়া কারার মতো বিশ্বখ্যাত সঙ্গীতশিল্পীরা।

আর সবশেষে শনিবার (১৩ জুন) বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে হবে উদ্বোধনী অনুষ্ঠান।

এই আয়োজনে মঞ্চ মাতাবেন ক্যাটি পেরি, ব্ল্যাকপিংক ব্যান্ডের লিসা, ফিউচার ও অ্যানিত্তার মতো জনপ্রিয় তারকারা। থাকবে হলিউডের আরো অনেক তারকার উপস্থিতি।

পুরো টুর্নামেন্টের এই উদ্বোধনী পর্বগুলোর মূল থিম তৈরি করা হয়েছে ফিফা বিশ্বকাপ ট্রফিকে কেন্দ্র করে, যা প্রতিটি দেশের নিজস্ব সাংস্কৃতিক পরিচয়ের মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হবে।

ভিন্ন তিন দেশে উদ্বোধনী অনুষ্ঠান হলেও বিশ্বের কোটি কোটি ফুটবল অনুরাগীরা টেলিভিশনের পাশাপাশি বিভিন্ন অনলাইন ও ওটিটি প্ল্যাটফর্মে এই জমকালো আয়োজন সরাসরি উপভোগ করতে পারবেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ