মার্কিন বাণিজ্য চুক্তি পোশাক শিল্পের জন্য অশনি সংকেত: ড. মোস্তাফিজুর রহমান - জনতার আওয়াজ
  • আজ রাত ১:১৪, বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মার্কিন বাণিজ্য চুক্তি পোশাক শিল্পের জন্য অশনি সংকেত: ড. মোস্তাফিজুর রহমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ১০, ২০২৬ ১০:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ১০, ২০২৬ ১০:২১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে করা ‘পারস্পরিক সহযোগিতামূলক বাণিজ্য চুক্তি’ বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের জন্য মারাত্মক আশঙ্কাজনক এবং জাতীয় স্বার্থ বিকিয়ে দেওয়ার শামিল বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সিপিডি’র সম্মানীয় ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান।

তিনি বলেছেন, ‘তৈরি পোশাক শিল্পে লাভ হবে বলে অনেক কথার ফুলঝুরি ছড়ানো হলেও বাস্তবে এই চুক্তি পোশাক শিল্পের জন্য অশনি সংকেত। এর ফলে শ্রমিকরা বেকার হবে।’

বুধবার (১০ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে ‘সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট’ আয়োজিত এক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘অসম’ বাণিজ্য চুক্তি বাতিল এবং দেশে দেশে সাম্রাজ্যবাদী আগ্রাসন ও যুদ্ধ বন্ধের দাবিতে এই আলোচনার আয়োজন করা হয়।

ড. মোস্তাফিজুর রহমান বলেন, ‘চুক্তির নাম দেওয়া হয়েছে পারস্পরিক সহযোগিতামূলক বাণিজ্য চুক্তি, কিন্তু বাস্তবে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে একতরফা চুক্তি। বাংলাদেশের মতো আর কোন দেশ এভাবে নতজানু হয়ে জাতীয় স্বার্থ বিকিয়ে দিয়ে এই চুক্তিতে আগ্রহী হয়নি। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো মিত্র দেশও এতে স্বাক্ষর করেনি।’ তিনি আরও অভিযোগ করেন, চুক্তি চূড়ান্ত করার আগে যুক্তরাষ্ট্র অনেক অর্থনীতিবিদ, বিশেষজ্ঞ ও আইনজীবী নিয়োগ করলেও বাংলাদেশ গোপনীয়তার অজুহাতে কারও সঙ্গেই কোনো কথা বলেনি।

বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত এই গোলটেবিল আলোচনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক আনু মুহাম্মদ। জোটের পক্ষ থেকে সূচনা বক্তব্য পাঠ করেন বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য ডা. মুশতাক হোসেন।

বর্তমান সংসদ ও রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে আনু মুহাম্মদ বলেন, ‘সংসদে প্রতি মিনিটে ২ লাখ ৭২ হাজার টাকা খরচ করে অপ্রয়োজনীয় অনেক বিষয় নিয়ে হৈচৈ করা হয়েছে। অথচ এই গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার ফুসরত মিলছে না বিএনপি, জামায়াত বা এনসিপির। এ থেকে বোঝা যায়, তারা সবাই মার্কিন স্বার্থ রক্ষায় একমত।’

বজলুর রশীদ ফিরোজ অন্তর্বর্তী সরকারের তীব্র সমালোচনা করে বলেন, সাবেক অন্তর্বর্তী সরকার দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে এই দাসত্বের চুক্তি করে গেছে। তারা এক সাম্রাজ্যবাদের কবল থেকে দেশকে আরেক সাম্রাজ্যবাদের হাতে সঁপে দিয়েছে।’

গোলটেবিল বৈঠক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত এই বাণিজ্য চুক্তি অবিলম্বে সংসদে আলোচনা করে বাতিল করা, অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কার্যক্রমের শ্বেতপত্র প্রকাশ এবং দেশের কোনো বন্দর বা বিমানঘাঁটি মার্কিনীদের ব্যবহার করতে না দেওয়াসহ ৫ দফা দাবি উত্থাপন করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ