বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশকে তুলে ধরে প্রশংসিত সঞ্জয় - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৫৯, সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশকে তুলে ধরে প্রশংসিত সঞ্জয়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুন ১৩, ২০২৬ ৬:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ১৩, ২০২৬ ৬:২৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশের লাল-সবুজ পতাকা আর বেঙ্গল টাইগারের উপস্থিতি দেখে চমকে গেছেন বিশ্ববাসী। বিশ্বকাপের আসরে বাংলাদেশ ফুটবল দল না খেললেও ফুটবলপ্রেমীদের কাছে ঠিকই বাংলাদেশের পরিচয় তুলেছেন এক তরুণ তারকা। তার নাম সঞ্জয় দেব। তাকে নিয়েই চলছে আলোচনা।
২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনে কানাডার টরন্টোর বিএমও স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশি বংশোদ্ভূত গায়ক, সংগীত পরিচালক ও ডিজে সঞ্জয় দেব তার পরিবেশনা দিয়ে হৃদয় জয় করেছেন দর্শকদের। শুধু পরিবেশনা নয়; বরং পোশাকের মাধ্যমেও বাংলাদেশের পরিচয় তুলে ধরে আলোচনায় এসেছেন এই তরুণ তুর্কি।
গত শুক্রবার টরন্টো স্টেডিয়ামে কানাডা ও বসনিয়া ম্যাচের আগে অনুষ্ঠিত উদ্বোধনী আয়োজনে নোরা ফাতেহি ও ফরাসি পপতারকা ভেজিড্রিমের সঙ্গে মঞ্চে পারফর্ম করেন সঞ্জয়। বিশ্বকাপের এই বর্ণাঢ্য অনুষ্ঠানে তার উপস্থিতি যেমন দর্শকদের নজর কাড়ে, তেমনি আলোচনার জন্ম দেয় তার পোশাকে ফুটে ওঠা বাংলাদেশের প্রতীকগুলো।
সঞ্জয়ের পোশাকের ডান হাতার অংশে স্থান পেয়েছিল বাংলাদেশের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার, জাতীয় ফুল শাপলা এবং জাতীয় পতাকার প্রতীক। পারফরম্যান্স চলাকালে একাধিকবার নিজের স্লিভের দিকে আঙুল নির্দেশ করে এসব প্রতীক বিশ্বদর্শকের সামনে তুলে ধরেন এই তারকা।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ জন্য চলছে সঞ্জয়কে নিয়ে বন্দনা। তার দেশপ্রেমের এই বিষয়গুলো এরই মধ্যে ভাইরাল হয়েছে। অনেকেই এটিকে বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের গর্বের প্রতিনিধিত্ব হিসেবে দেখছেন। বিশেষ করে আন্তর্জাতিক দর্শকের সামনে দেশের জাতীয় পরিচয় তুলে ধরার এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে নেটিজেনদের। বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় শুরু হওয়া উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্জয়, নোরা ফাতেহি ও ভেজিড্রিমের পাশাপাশি পারফর্ম করেন বিশ্বখ্যাত কানাডিয়ান শিল্পী মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট ও আলেসিয়া কারা। এ ছাড়া মঞ্চে গান পরিবেশন করেন জেসি রেয়েজ, ফিলিস্তিনি গায়িকা এলিয়ানা ও উইলিয়াম প্রিন্স।
বিশ্বকাপ উপলক্ষে ফিফার উদ্যোগে নির্মিত নতুন গান ‘সির সির’ পরিবেশন করেন সঞ্জয় দেব, নোরা ফাতেহি ও ভেজিড্রিম।
সঞ্জয় দেবের জন্ম বাংলাদেশের মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। বাবা সন্তোষ দেব ও মা মিতা দেবের সঙ্গে প্রায় দুই যুগ আগে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানেই সংগীতচর্চার মধ্য দিয়ে নিজেকে তৈরি করেছেন। বাংলাদেশের অনেক শিল্পীর জন্য তিনি গান তৈরি করেছেন। কাজ করেছেন বলিউডেও।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ