সাজেদা চৌধুরীর প্রথম জানাজা সম্পন্ন - জনতার আওয়াজ
  • আজ রাত ২:০৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাজেদা চৌধুরীর প্রথম জানাজা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ১২, ২০২২ ২:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ১২, ২০২২ ২:২১ অপরাহ্ণ

 

জাতীয় সংসদের উপনেতা ও ফরিদপুর–২ আসনের সংসদ সদস্য সাজেদা চৌধুরীর প্রথম জানাজা ফরিদপুরের নগরকান্দায় সম্পন্ন হয়েছে। আজ সোমবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার সরকারি মানবেন্দ্র নারায়ণ একাডেমি মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।

আজ সকাল থেকেই নগরকান্দা এলাকায় মুষলধারে বৃষ্টি হচ্ছিল। তবে সকাল আটটার পর থেকে বৃষ্টি অনেকটাই কমে আসে। জানাজার সময়ও টিপটিপ করে বৃষ্টি ঝরছিল। তবে বৃষ্টি উপেক্ষা করেই হাজারো মানুষ জানাজায় অংশ নেন। জানাজার পর বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সাজেদা চৌধুরীর মরদেহে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এদিকে জানাজার আগে সাজেদা চৌধুরীর ছোট ছেলে শাহাদাব আকবর চৌধুরী জানান, তিনি তার মায়ের পথ অনুসরণ করে নগরকান্দাবাসীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতি করবেন এবং তার বাকি জীবন এখানেই কাটিয়ে দেবেন।

এ ছাড়া জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য মির্জা আজম। তিনি বলেন, রাজনীতির ক্ষেত্রে তিনি এত দিন যা শিখেছেন ও পেয়েছেন, সবকিছুই সাজেদা চৌধুরীর কাছ থেকে। সাজেদা চৌধুরীর মৃত্যুতে তিনি একজন অভিভাবক হারালেন।

জানাজায় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এস এম কামাল, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকসহ জেলার বিভিন্ন পর্যায়ে নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে বেলা পৌনে ১১টার দিকে সাজেদা চৌধুরীর মরদেহ বহনকারী গাড়িটি সরকারি মানবেন্দ্র নারায়ণ একাডেমি মাঠে পৌঁছায়। এদিকে প্রস্তুতি থাকলেও বৃষ্টির কারণে সাজেদা চৌধুরীকে সেখানে গার্ড অব অনার দেওয়া সম্ভব হয়নি। জানাজা শেষে গাড়িটি আবার ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে। ঢাকায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে। সাজেদা চৌধুরীর সহকারী একান্ত সচিব (এপিএস) মো. শফিউদ্দিন চৌধুরী বলেন, তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

প্রসঙ্গত, গতকাল রবিবার রাত ১১টা ৪০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে সাজেদা চৌধুরী ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮৭ বছর। সাজেদা চৌধুরী বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য। ফরিদপুর–২ আসন থেকে তিনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ