সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছানোয় কঠোর সমালোচনা বিএনপির - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:০৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছানোয় কঠোর সমালোচনা বিএনপির

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ১৩, ২০২২ ৪:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ১৩, ২০২২ ৪:৪৭ অপরাহ্ণ

 

সাংবাদিক দম্পত্তি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার সময় গত ১০ বছরে এ পর্যন্ত ৯১ বার পেছানোয় সরকারের তীব্র সমালোচনা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার (১২ সেপ্টেম্বর) রাতে দলের জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এই সমালোচনা করা হয়।

সভা মনে করে, এই হত্যাকাণ্ডের সাথে প্রভাবশালী সরকারি দলীয় ব্যক্তিরা জড়িত থাকার কারণে নজিরবিহীন বিলম্ব হচ্ছে। অবিলম্বে এই মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য আহ্বান জানানো হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে সভায় আরো অংশ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

বিএনপির সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয় সভায়। সেইসাথে চলমান আন্দোলন আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত যেসব উপজেলা, থানা, পৌরসভা কর্মসূচি পালিত হয়নি সেইসব উপজেলা, থানা ও পৌরসভায় কর্মসূচি অব্যাহত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বাংলাদেশ সীমান্তের মধ্যে মিয়ানমার থেকে ছোড়া দু’টি মর্টারশেল পড়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সভা মনে করে, বাংলাদেশ সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে এ ধরনের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতি হুমকিস্বরূপ এসব ঘটনা ঘটছে।

বিদ্যুতের লোডশেডিং, জ্বালানি তেল নিয়ে চরম অব্যবস্থাপনা, নিত্যপ্রয়োজনীয় দ্রবাদির মূল্য বৃদ্ধি ও ভোলায় ছাত্রদল নেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলের কর্মী আবদুর রহিমকে পুলিশ গুলি করে হত্যা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। অবিলম্বে এই ধরনের হামলা ও বেআইনীভাবে গুলিবর্ষণের তীব্র নিন্দা জানানো হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ