প্রশ্নপত্র ফাঁসেই দিনাজপুর বোর্ডের চার পরীক্ষা স্থগিত: শিক্ষাসচিব
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, সেপ্টেম্বর ২১, ২০২২ ৩:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, সেপ্টেম্বর ২১, ২০২২ ৩:২০ অপরাহ্ণ

দিনাজপুর শিক্ষা বোর্ডের এসএসসির চার পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের কারণেই স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষাসচিব মো. আবু বকর ছিদ্দীক। তিনি বলেন, ‘প্রশ্নফাঁস হয়েছে। এ কারণেই পরীক্ষা স্থগিত হয়েছে।’
বুধবার (২১ সেপ্টেম্বর) ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আয়োজনে ‘শিক্ষাক্ষেত্রে শুদ্ধাচার চর্চার প্রয়োজনীয়তা’ শীর্ষক কর্মশালা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আগের প্রশ্নফাঁস ও এখনকার প্রশ্নফাঁসের পার্থক্য আছে উল্লেখ করে আবু বকর ছিদ্দীক বলেন, ‘বিষয়টিকে ভালোভাবে দেখার কোনো সুযোগ নেই। প্রশ্নফাঁস আগে যেভাবে হয়েছে এবারের ধরনটা একটু ভিন্ন। কারণটা জানলে বুঝবেন আগের প্রশ্নফাঁস ও এখনকার প্রশ্নফাঁসের পার্থক্য আছে। এবারের প্রশ্নফাঁস কিন্তু ছড়িয়ে পড়ে নাই। ফেসবুক বা গণমাধ্যমে ছড়িয়ে পড়ে নাই। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।’
সচিব আরও বলেন, ‘কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যে প্রশ্নফাঁস হলো তা থানার লকার থেকে আনার সময় ফাঁস হয়েছে। মূলত সেখানকার কেন্দ্র সচিব এ ঘটনা ঘটিয়েছেন। তিনি বিজ্ঞান বিভাগের বাড়তি কিছু প্রশ্ন নিয়ে নেন। যা পরে আমাদের নজরে আসে। তবে প্রশ্নগুলো কিন্তু এখনো ছড়িয়ে পড়েনি। বাণিজ্যিক উদ্দেশ্যে নাকি ব্যক্তিগত কারও সহায়তার উদ্দেশে নেওয়া হয়েছে তা তদন্তে জানা যাবে।’
জনতার আওয়াজ/আ আ