সেফ এক্সিট নিন, পালাবার পথ পাবেন না : মির্জা ফখরুল - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:০৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সেফ এক্সিট নিন, পালাবার পথ পাবেন না : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, অক্টোবর ১০, ২০২২ ৫:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, অক্টোবর ১০, ২০২২ ৫:০৩ অপরাহ্ণ

 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও বাংলাদেশকে মুক্ত করার আন্দোলন শুরু হয়েছে। ইতোমধ্যে আমাদের সাতজন প্রাণ দিয়েছে। হাজার প্রাণ দিতে হলেও দেব। তবু অবশ্যই গণতন্ত্র পুনরুদ্ধার করব।

সোমবার (১০ অক্টোবর) দুপুরে সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। শহীদ জেহাদের ৩২তম শাহাদাতবাষিকী উপলক্ষে শহীদ জেহাদ স্মৃতি পরিষদের উদ্যোগে এই স্মরণসভা হয়।

সরকার হটাতে জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে মির্জা ফখরুল বলেন, নব্বইয়ের ছাত্র গণঅভ্যুত্থান সফল হয়েছিল একটা ঐক্যবদ্ধ ছাত্র সংগ্রাম পরিষদ গঠনের মধ্য দিয়ে। তার মধ্যে সমগ্র জাতি আশান্বিত হয়েছিল। তারা বাধ্য করেছিল সব রাজনৈতিক দলকে এক জায়গায় আসতে। তখনো বিভিন্ন রাজনৈতিক দলের আলাদা আলাদা জোট ছিল। বিএনপির আলাদা জোট ছিল, আওয়ামী লীগের আলাদা জোট ছিল, বামপন্থিদেরও আলাদা জোট ছিল।

সেই জোটগুলো একটা জায়গায় এসে যুগপৎ আন্দোলনের মাধ্যমেই স্বৈরাচারের পতন ঘটিয়েছিল। আজকেও সেই পরিপ্রেক্ষিত উপস্থিত। জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। এজন্য সব রাজনৈতিক দলকে এক জায়গায় আনতে হবে। ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করার প্রয়োজন হবে। জনগণের ঐক্যবদ্ধ সংগ্রাম পরিষদ গঠনের প্রয়োজন হবে। যুগপৎ আন্দোলনের মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট সরকারকে সরাতে হবে। এর কোনো বিকল্প নেই বলে জানান তিনি।

বিএনপি মহাসচিব বলেন, ১০ ডিসেম্বরের পরে দেশ চলবে খালেদা জিয়ার নির্দেশে- আমান উল্লাহ আমানের এই এক বক্তব্যে আপনারা সবাই ভয় পেয়ে গেছেন। ভয়ের কিছু নেই, আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই। দ্রুত সেফ এক্সিট নিন, সংসদ ভেঙে দিন, নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। নয়ত পালাবার পথ পাবেন না। কারণ, মানুষ জেগে উঠেছে।

সংগঠনের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমানের সভাপতিত্বে এবং ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা শামসুজ্জামান দুদু, হাবিবুর রহমান হাবিব, আসাদুজ্জামান রিপন, নাজিম উদ্দিন আলম, খন্দকার লুৎফর রহমান, সাইফুদ্দিন মনি, আসাদুর রহমান খান, কামরুজ্জামান রতন, মীর সরফত আলী সপু, মোস্তাফিজুর রহমান বাবুল, ওলামা দলের মাওলানা শাহ মো. নেছারুল হক প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ