সংকট মোকাবিলায় ব্যর্থ হয়ে দেশকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিচ্ছে সরকার
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, অক্টোবর ২৯, ২০২২ ৫:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, অক্টোবর ২৯, ২০২২ ৫:২১ অপরাহ্ণ

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ‘সংকট মোকাবিলায় ব্যর্থ হয়ে দেশকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিচ্ছে সরকার।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগের বিরোধী দলে যাওয়ার সময় হয়েছে বলে তারা দুর্ভিক্ষের কথা বলছে। আওয়ামী লীগ যা যা করেছে, তাতে তারা দেশের বিরোধী দল হওয়ার যোগ্যতাও নেই।’
শনিবার (২৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি ও খাদ্য সংকট মোকাবিলায় সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে পদত্যাগের দাবিতে এ সমাবেশ করা হয়। এবি পার্টির ঢাকা মহানগর দক্ষিণ শাখা এ কর্মসূচির আয়োজন করে।
মজিবুর রহমান মঞ্জু বলেন, দেশের রাজনৈতিক দলগুলো যখন সরকারের লুটপাট ও টাকা পাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল, তখন সরকার উল্টো দমন-নিপীড়ন চালিয়ে কণ্ঠ স্তব্ধ করতে চেয়েছিল। আমরা যখন লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বলেছিলাম, দেশে নীরব দুর্ভিক্ষ চলছে, সরকার তখন পাত্তা দেয়নি।
‘আওয়ামী লীগ যা করেছে, তাতে বিরোধী দল হওয়ার যোগ্যতাও নেই’
তিনি বলেন, দেশের সব পণ্যের দাম বেড়েছে। শ্রমজীবী মানুষ আজ নিত্যপণ্য কিনতে হিমশিম খাচ্ছে। কম্বল চোর, রিলিফ চোরদের আওয়ামী লীগ আবারও রিলিফ চুরির জন্য দুর্ভিক্ষের কথা বলছে। আওয়ামী লীগকে তা আর করতে দেওয়া হবে না। আওয়ামী লীগকে ক্ষমতা ছাড়তে হবে। শেখ হাসিনাকে জবাব দিতে হবে।
সমাবেশে পার্টির আহ্বায়ক এফ এম সোলায়মান চৌধুরী বলেন, যারা দেশের রিজার্ভ নষ্ট করেছেন, প্রধানমন্ত্রী তাদের কিছুই করতে পারেননি। বরং সহায়তা করেছেন। দেশের এ অবস্থা সৃষ্টির জন্য আপনি (প্রধানমন্ত্রী) পদত্যাগ করুন, না হলে দেশের মানুষ আপনাকে ছাড়বে না।’
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পল্টন ও প্রেস ক্লাব এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিজয়নগরে গিয়ে শেষ হয়।
এবি পার্টির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বি এম নাজমুল হকের সভাপতিত্বে ও সদস্যসচিব আনোয়ার সাদাত টুটুলের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তৃতা করেন পার্টির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম, যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, এ বি এম খালিদ হাসান, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ