পরিকল্পনামন্ত্রী বলেছেন, মানুষের হাতে টাকা নেই তো টাকা গেলো কোথায়?:রিজভী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, নভেম্বর ৩, ২০২২ ১:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, নভেম্বর ৩, ২০২২ ১:৫১ অপরাহ্ণ

প্রধানমন্ত্রীর নিকট আত্নীয় স্বজনের পকেটে হাত দিলেই জনগণের ডলার পাওয়া যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘পরিকল্পনামন্ত্রী বলেছেন, মানুষের হাতে টাকা নেই। তো টাকা গেলো কোথায়?। রিজার্ভ তলানিতে কেনো। চাল-ডাল, আটা, তেল কিনতে ডলার নেই কেনো? এই ডলার গেলো কোথায়। আমরা যদি আপনাদের লোকের পকেট ও ভ্যানিটি ব্যাগ হাতরাই তাহলে ডলার মিলবে। এমনকি প্রধানমন্ত্রীর বোন শেখ রেহেনার ভ্যানিটি ব্যাগ হাতরাইলেও জনগণের ডলার পাওয়া যাবে। সামিট গ্রুপকে কতো টাকা ক্যাপাসিটি চার্জ দিয়েছেন। এই সংকটের দিকে কে ঠেলে দিয়েছে? আপনারা দিয়েছেন। কারণ আপনাদের দেশের প্রতি দরদ নেই। আপনাদের দরদ ছাত্রলীগ-যুবলীগ আর আপনার স্বজনদের প্রতি।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দল আয়োজিত বিক্ষোভ পরবর্তী সমাবেশে এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল সমাবেশ হয়।
রিজভী বলেন, ‘গতকাল পার্লামেন্টে তিনি (শেখ হাসিনা)বলেছেন ‘‘ক্রান্তি কাল চলছে। এই সময়ে ঘোলা পানিতে মাছ শিকারের ব্যবস্থা চলছে’’। শেখ হাসিনা আপনাকে বলতে চাই, ঘোলা পানিতে না প্রকাশ্যে রাজপথে মানুষ এখন ঐক্যবদ্ধ সঙ্গবদ্ধ, তাদের মিছিলে অভিযাত্রায় আপনার পদত্যাগের ধ্বনি উচ্চারিত হচ্ছে। ঘোলা পানিতে কেউ মাছ শিকার করছে না।
প্রধানমন্ত্রীর উদ্দেশ্য তিনি বলেন, আপনি বরং আপনার প্রাসাদে কাসিম বাজারের কুঠি নির্মাণ করেছেন। আপনি সেখানে বসে বিশ্বাসঘাতক ঘষেটি বেগমের ভুমিকা পালন করছেন। ঘষেটি বেগম যেমন দেশের স্বাধীনতা কে হরণ করার জন্য কাজ করেছে আপনিও তেমন কাজ করছেন। আপনি দেশের স্বাধীনতা, গণতন্ত্রকে হরণ করেছেন। ধ্বংস করেছেন। আপনি ঘষেটি বেগমের চেয়েও বড় ঘষেটি বেগমে। আপনার বিরুদ্ধে মানুষ প্রকাশ্যে মিছিলে স্লোগান দিচ্ছে। সেজন্যই মসনদকে উল্টে পড়া থেকে শেষবারের মতো ধরে রাখার চক্রান্ত করছেন।
বিএনপির এই মুখপাত্র বলেন, ‘ অন্যায় ও ষড়যন্ত্রমূলকভাবে আমাদের প্রাণপ্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানের নামে গ্রেফতারি পরোয়ানা দেয়া হয়েছে। যিনি অনেক দূরে থেকের গোটা জাতিকে সুসংগঠিত করেছেন। সেই নেতাকে পরিকল্পিতভাবে টার্গেট করেছেন শেখ হাসিনা। শুধু তাকে নয়, এই অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে, কত নিষ্ঠুর ও কত অমানবিক তার উদাহরণ হলো দেশনায়ক তারেক রহমানের সাথে তার সহধর্মিণী যিনি রাজনীতির সাথে কোনো সম্পর্ক নেই। তার নামেও মিথ্যা ও চক্রান্তমূলক মামলা দিয়েছেন। কেনো দিয়েছেন সেটা তিনিই জানেন। এই মামলা চক্রান্তমূলক ও মিথ্যা। জনদৃষ্টিকে ভিন্ন দিকে নেয়ার মামলা। মসনদকে উল্টে পড়া থেকে শেষবারের মতো ধরে রাখার চক্রান্ত। কিন্তু এবার জনগণ চূড়ান্ত আঘাত হানবে। তারা আপনার সিংহাসন ধরে টান দিবে।
তিনি বলেন, আজকে আমাদের সমাবেশ ঠেকাতে ছাত্রলীগ, যুবলীগকে লেলিয়ে দিয়েছেন। বিএনপির সমাবেশে যাতে লোকজন না হয়। বিএনপি ও লোকজনকে আঘাত করার জন্য। তারপরও মানুষ পায়ে হেঁটে, নদী সাঁতরে, সাইকেল নিয়ে চিড়া-মুড়ি বেধে নছিমন-করিমন-ভটভটিতে করে জনগণ সমাবেশে যাচ্ছে। তিনি বাস বন্ধ করে দিলেন, অন্য যানবাহন বন্ধ করেও বিএনপির জনসভায় এতো লোক হচ্ছে কেন? ৬৫ কিলোমিটার পথ হেঁটে সমাবেশে যোগ দিয়েছেন বাগেরহাটের একজন। মোস্তাফিজুর রহমান সোহেল অসুস্থ অবস্থায় রংপুরের সমাবেশে স্ট্রোক করে মারা গেছেন। এসব দেখে শেখ হাসিনা ভাবছেন, তিনি তো নড়বড়ে সিংহাসনে বসে আছেন। তার সিংহাসনের যে চার পা এটা ধরে রেখেছেন বিদেশি প্রভু ও আইনশ্ঙৃখলা বাহিনী দিয়ে সেই চেয়ারের চারটি খুঁটি ধরে রেখেছেন।
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে রিজভী আরও বলেন, প্রধানমন্ত্রী বলেছেন ‘‘দেশে দুর্ভিক্ষ আসবে’’। দুর্ভিক্ষ আসলে তো আপনার সমস্যা নেই। কারণ আপনি গণভবনের পুকুর থেকে মাছ ধরে খাবেন। সেই মাছ খেয়ে কাটা ফেলে দিবেন রিক্শাওয়ালার দিকে, সিএনজি ওয়ালার দিকে। এই হচ্ছে আপনার মানসিকতা। আপনার চক্রান্ত সফল করার জন্যই দেশ নায়ক তারেক রহমান ও তার সহধর্মিণীর নামে মামলা দিয়েছেন। এই মামলা চক্রান্তমূলক মামলা। জনগণের দৃষ্টি অন্যদিকে নেয়ার জন্য মামলা দিয়েছেন। কিন্তু জনগণ জানে আপনার সিংহাসন বাঁচানোর জন্য এটা একটা শেষ চক্রান্ত মরণ কামড় দিয়েছেন। কিন্তু এখন আর সেই সুযোগ নেই, আপনার পতনের জন্য এদেশের জনগণ ধেয়ে যাবে। এবং আপনাকে পতন করেই ছাড়বে।
মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতানা আহম্মেদের পরিচালনায় এসময় মহিলা দলের হেলেন জেরিন খান, নায়াবা ইউসুফ, শাহিনুর নার্গিস, মিসেস শামীমা রাহিম সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা তারেক রহমান দম্পতির বিরুদ্ধে পরোয়ানা প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
জনতার আওয়াজ/আ আ