এবার বন্ধ হলো বরিশালের খেয়া পারাপার - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:০১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এবার বন্ধ হলো বরিশালের খেয়া পারাপার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, নভেম্বর ৪, ২০২২ ৫:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, নভেম্বর ৪, ২০২২ ৫:৪৪ অপরাহ্ণ

 

বিভিন্ন দাবিতে ডাকা ধর্মঘটের কারণে বরিশালে লঞ্চ, বাস, মাইক্রোবাসসহ তিন চাকার যান চলাচল বন্ধ রয়েছে। এবার বন্ধ করা হলো শহরকেন্দ্রিক কীর্তনখোলা নদীর খেয়া পারাপার। বিএন‌পির বিভাগীয় গণসমাবেশের একদিন আগে খেয়া পারাপার বন্ধ করায় ভোগান্তিতে পড়েছেন নগরীর বাসিন্দারা।

শুক্রবার (৪ নভেম্বর) সকালে শহরকেন্দ্রিক খেয়া পারাপার বন্ধ করার পাশাপাশি নগরের প্রবেশপথগুলোয় ব্যক্তিগত গাড়ির কাগজপত্র পরীক্ষা করছে পুলিশ। জানতে চাওয়া হচ্ছে গন্তব্যস্থল।

লঞ্চ, বাস, মাইক্রোবাসসহ তিন চাকার যান সর্বশেষ খেয়া পারাপার বন্ধ থাকলেও বিএনপি নেতাকর্মী-সমর্থকদের আগমন অব্যাহত রয়েছে। সব বাধা উপেক্ষা করে পায়ে হেঁটে, নৌপথে ট্রলার ও‌ নৌকায় সমাবেশস্থলমুখী হচ্ছেন তারা।

বিএন‌পি নেতারা জা‌নিয়েছেন, শুক্রবার সকালেই বরিশাল নদীবন্দর সংলগ্ন চরকাউয়া, বেলতলাস্থ চরমোনাই ও চাঁদমারিসহ সব খেয়াঘাট বন্ধ করে দেওয়া হয়েছে। এসব ঘাটে নৌকা ও ট্রলার চলাচল করতে পারছে না। সং‌শ্লিষ্ট কেউ এ ব্যাপারে কোনো কারণ জানাতে পারেননি।

চাঁদমারি ট্রলার ঘা‌টের একাধিক ব্যক্তির সাথে কথা বলে জানা গেছে, সকাল থেকে খেয়া পারাপার বন্ধ। কিন্তু বিএনপি নেতাকর্মীদের আগমন থামছে না। বৃহস্পতিবার রাত থেকেই তারা আসছে। অন্তত শতাধিক ট্রলারে বিএনপি সমর্থকরা বরিশাল শহরে ঢুকেছেন। ভোলা থেকে এক‌টি লঞ্চে বহু নেতাকর্মী চাঁদমারি এলাকায় এসে পৌঁছেছেন। তারা এখন লঞ্চেই অবস্থান করছেন বলে জানা গেছে।

এসব ব্যাপারে নগর বিএনপির বেশ কয়েকজন নেতা জানান, সরকার ইচ্ছা করে এই কাজ করছে। তারা বুঝতে পেরেছে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না। তাই বাজে খেলা খেলছে তারা। বরিশালে বিএনপির সমাবেশ হবেই। কেউ আটকাতে পারবে না। আন্দোলন-বিক্ষোভ চলবে বলেও জানান তারা।

তবে বরিশাল মেট্রোপ‌লিটন পু‌লিশের উপ-ক‌মিশনার আলী আশরাফ ভূঞা সাংবাদিকদের জানান, আমরা আমাদের নিয়‌মিত কাজ কর‌ছি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ