অতি উৎসাহী সরকারি কর্মকর্তাদের তালিকা করা হচ্ছে : এমরান সালেহ প্রিন্স - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অতি উৎসাহী সরকারি কর্মকর্তাদের তালিকা করা হচ্ছে : এমরান সালেহ প্রিন্স

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ১০, ২০২২ ১০:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ১০, ২০২২ ১০:৫৮ অপরাহ্ণ

 

বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ (প্রিন্স) বলেছেন, অতি উৎসাহী সরকারি কর্মকর্তাদের তালিকা করা হচ্ছে। পুলিশ সদস্যরা বিনা উসকানিতে বিএনপিসহ জনগণের বিপক্ষে অবস্থান নিয়ে নির্বিচার গুলি করে হতাহত, মামলা ও গ্রেপ্তারের মাধ্যমে নির্যাতন চালাচ্ছেন। এর জবাব একদিন তাঁদের দিতে হবে।
বৃহস্পতিবার, নভেম্বর ১০, ২০২২, দুপুরে কিশোরগঞ্জ শহরের স্টেশন রোডে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সৈয়দ এমরান সালেহ এসব কথা বলেন। ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে বিএনপির কর্মীদের ওপর পুলিশের গুলিবর্ষণ ও গ্রেপ্তারের প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ ছাড়া জেলা শহরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে দলটি।
কিশোরগঞ্জে বিএনপি নেতা–কর্মীদের মিছিলে পুলিশের লাঠিপেটা। আজ দুপুরে শহরের স্টেশন রোডে বিএনপির কার্যালয়ের সামনে
সৈয়দ এমরান সালেহ বলেন, বর্তমান ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে গণজাগরণের সৃষ্টি হয়েছে। এ সরকারকে টিকিয়ে রাখতে কিছু কর্মকর্তা বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচির ওপর বিনা কারণে হামলা চালাচ্ছেন, মিথ্যা মামলা দিচ্ছেন। অতি উৎসাহী এ পুলিশ সদস্যরা বিনা উসকানিতে বিএনপিসহ জনগণের বিপক্ষে অবস্থান নিয়ে নির্বিচার গুলি করে নেতা-কর্মীদের হতাহত করে মামলা ও গ্রেপ্তারের মাধ্যমে নির্যাতন চালাচ্ছেন। এ ধরনের ন্যক্কারজনক হামলার পেছনে জড়িত অতি উৎসাহীদের জনগণ চিহ্নিত করে রাখছে। ভবিষ্যতে এর দায় তাঁদের নিতে হবে এবং জনতার আদালতে তাঁদের বিচার হবে।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ারেছ আলী মামুন, জেলা বিএনপির সহসভাপতি রেজাউল করিম খান, জাহাঙ্গীর আলম মোল্লা, শরীফুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। এ সময় জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
গত সোমবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় যোগ দিতে যুবদলের নেতা-কর্মীরা মিছিল নিয়ে আসার সময় পুলিশ বাধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন। পুলিশের গুলিতে কয়েকজন গুলিবিদ্ধ হন।
এদিকে শান্তিপূর্ণ কর্মসূচিতে বিনা উসকানিতে নেতা-কর্মীদের ওপর গুলি, লাঠিপেটা, গ্রেপ্তার ও মিথ্যা মামলা দেওয়ার প্রতিবাদে দুপুরে দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন নেতা-কর্মীরা। এ সময় মিছিল নিয়ে কয়েক হাজার নেতা-কর্মী কর্মসূচিতে যোগ দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে বিএনপির নেতা-কর্মীরা শহরে বিক্ষোভ মিছিল করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ