বিএনপির সমাবেশ ঘিরে ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে সিলেট
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, নভেম্বর ১৩, ২০২২ ৭:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, নভেম্বর ১৩, ২০২২ ৭:৩৩ অপরাহ্ণ

দীর্ঘদিন পর সিলেটে বিএনপির বিভাগীয় গণ সমাবেশকে কেন্দ্র করে ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে পুরো নগরী। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নির্মাণ করা হয়েছে তোরণ। সমাবেশস্থল সরকারি আলিয়া মাদ্রাসা মাঠের চারদিক বিএনপির বিলবোর্ড, ফেস্টুন ও ব্যানারে সয়লাব। রঙ-বেরঙের এসব ফেস্টুন ব্যানারে শোভা পাচ্ছে খালেদা জিয়াসহ কারাবন্দি নেতাদের মুক্তি ও বিভিন্ন দাবির কথা।
রোববার (১৩ নভেম্বর) বিকেলে সরেজমিনে সমাবেশস্থল ঘুরে দেখা গেছে, ব্যানার-পোস্টার, ফেস্টুন টাঙাতে ব্যস্ত সময় পার করছেন বিএনপির নেতা-কর্মীরা। অনেক প্রবাসী নেতাও তাদের সমর্থকদের দিয়ে ব্যানার-পোস্টার সাঁটিয়েছেন৷
বিএনপি নেতাকর্মীরা বলছেন, নগরীতে এত বেশি পোস্টার-ব্যানার গত এক দশকে দেখা যায়নি। এবার সবকিছু হচ্ছে শৃঙ্খলা মতো। কর্মী সমর্থকদের উৎসাহ অন্য যেকোনো সময় থেকে বেশি। তাই পুরো নগরীর অলিগলিতেও পোস্টার, ব্যানার ও ফেস্টুন সাঁটানো হয়েছে। দীর্ঘদিন নিস্ক্রিয় এমন নেতাও ব্যানার, ফেস্টুনের মাধ্যমে নিজেদের অবস্থানের জানান দিচ্ছেন।
সিলেট জেলা জাসাস’র সদস্য সচিব রায়হান এইচ খান বলেন, সমাবেশ ঘিরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ–উদ্দীপনা কাজ করছে। ১৯ নভেম্বর বিএনপির সমাবেশ লোকে লোকারণ্য হবে। জাসাস এর উদ্যোগে জাতীয় সঙ্গীত ও দলীয় পরিবেশনের মাধ্যমে বিভাগীয় সমাবেশ শুরু হবে।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী বলেন, দলীয় নেতাকর্মীরা ক্ষমতাসীন দল ও প্রশাসনের নানা বাধার সম্মুখীন হচ্ছেন। সকল প্রতিবন্ধকতা সত্ত্বেও সিলেটের জনসভা সফল হবে।
জনতার আওয়াজ/আ আ