সিলেটে বিএনপির সমাবেশ: তল্লাশি গ্রেপ্তার হামলায় উৎকণ্ঠায় নেতাকর্মীরা - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৪৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেটে বিএনপির সমাবেশ: তল্লাশি গ্রেপ্তার হামলায় উৎকণ্ঠায় নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, নভেম্বর ১৬, ২০২২ ৩:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, নভেম্বর ১৬, ২০২২ ৩:৩০ অপরাহ্ণ

 

বিএনপির বিভাগীয় সমাবেশ সামনে রেখে সিলেটে রাত-দিন চলছে প্রচারকাজ। চার লাখ লোক সমাগমের লক্ষ্য নিয়ে বিএনপি নেতাকর্মীরা মাঠ-ঘাট চষে বেড়ালেও বিভিন্ন স্থানে তাঁদের বাসাবাড়িতে পুলিশের তল্লাশি, নেতাকর্মীকে গ্রেপ্তার ও হামলার কারণে তাঁদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছেই।

এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ১৩ জনকে। সমাবেশের আগে আরও এ ধরনের হুমকি আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করছেন বিএনপি নেতাকর্মীরা। আগামী শনিবার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে এ সমাবেশ হবে।
সর্বশেষ মঙ্গলবারও সিলেটের বিয়ানীবাজার পৌর শহরে বিএনপি ও ছাত্রদলের প্রচার মিছিল চলাকালে দফায় দফায় ধাওয়া করেছে উপজেলা ছাত্রলীগ। দুপুরে পৌর শহরের দক্ষিণবাজারের এ ঘটনায় শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই সময় ইটের আঘাতে মুসলিম মিয়া নামের এক শ্রমিক আহত হন।

উপজেলা বিএনপির সভাপতি রেজাউল আলম জানিয়েছেন, পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে প্রচারপত্র বিতরণকালে ছাত্রলীগ হামলা করে। তবে উপজেলা ছাত্রলীগ নেতা আজাদ জিসান জানান, ছাত্রদলের নেতাকর্মীরা উসকানিমূলক মিছিল দিয়ে পৌর শহরের শান্ত পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করলে ছাত্রলীগ প্রতিহত করেছে। বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায় দাবি করেন, পুলিশের অবস্থানের কারণে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
হবিগঞ্জের বানিয়াচংয়ে নেতাকর্মীর বাড়ি বাড়ি গিয়ে পুলিশ হয়রানি করছে বলে অভিযোগ করেছেন উপজেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন ফারুক। সোমবার গভীর রাতে তাঁর বাড়িতেও পুলিশ তল্লাশি করেছে বলে জানান তিনি। সালাউদ্দিন বলেন, সিলেটের সমাবেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীর অংশগ্রহণ ঠেকাতে পুলিশ তল্লাশি শুরু করেছে।

হবিগঞ্জে এরই মধ্যে বিএনপি, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জি কে গউছ সমকালকে জানান, তাঁদের নানাভাবে বাধা দেওয়া হচ্ছে। দলীয় কর্মীরা আতঙ্কিত। তবে সব বাধা পেরিয়ে সমাবেশে যোগ দেবেন নেতাকর্মীরা।
মৌলভীবাজারেও আতঙ্ক পিছু ছাড়ছে না নেতাকর্মীর। এরই মধ্যে ছাত্রদল সভাপতি রুবেল আহমদসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন উপজেলায় পুলিশ নেতাকর্মীর বাড়িতে তল্লাশি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি

নেতারা। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান অভিযোগ করেন, পুলিশ অন্যায়ভাবে নেতাকর্মীর গ্রেপ্তার ও হয়রানি করছে। পুলিশ ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনের বিরুদ্ধে মামলা করেছে। গ্রেপ্তার আতঙ্কে অনেক নেতাকর্মী ঘরছাড়া।

সিলেটে একাধিক বাড়িতে তল্লাশি করা হয়েছে বলে দাবি করেন বিএনপি নেতাকর্মীরা। তাঁরা জানান, গত কয়েক দিনে পুলিশ তাঁদের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে, তল্লাশি করেছে বেশ কয়েকজন নেতার বাড়িতে। অবশ্য পুলিশ বলছে, গ্রেপ্তারকৃতরা বিভিন্ন মামলার আসামি।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির বলেন, নেতাকর্মীরা এখন উজ্জীবিত। কিন্তু পুলিশ প্রশাসন বিভিন্নভাবে হয়রানি করছে। তিনি বলেন, আমরা বিশ্বাস করি, সরকার মানুষের অধিকারে হস্তক্ষেপ করবে না।
এদিকে মঙ্গলবারও নগরীসহ বিভাগের বিভিন্ন স্থানে প্রচারণা চালিয়েছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সিলেট বিভাগীয় যুবদলের উদ্যোগে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি মামুন হাসান। একই দিন নগরীতে প্রচার মিছিলও করে যুবদল। বিকেলে বিয়ানীবাজার উপজেলা সদরে গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভায় বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। তল্লাশি ও গ্রেপ্তার বিষয়ে তিনি বলেন, বিএনপির গণসমাবেশে জনজোয়ার হবে দেখে সমাবেশ নিয়ে ষড়যন্ত্র চলছে। কোনো বাধাই আমাদের আটকাতে পারবে না।

তবে সিলেটে বিএনপির সমাবেশকে সামনে রেখে পুলিশ কোনো ধরনের বাধা দিচ্ছে না বা কাউকে অন্যায়ভাবে গ্রেপ্তার করছে না বলে দাবি করেন সিলেটের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ। তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন মামলার আসামি।সমকাল

[প্রতিবেদনটিতে আরও তথ্য দিয়েছেন বিয়ানীবাজার, মৌলভীবাজার ও বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি]

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ