হাতের লাঠিতে জাতীয় ও দলীয় পতাকা এবং ধানের শীষ - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:০৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

হাতের লাঠিতে জাতীয় ও দলীয় পতাকা এবং ধানের শীষ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, নভেম্বর ১৯, ২০২২ ১২:৪৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, নভেম্বর ১৯, ২০২২ ১২:৪৮ পূর্বাহ্ণ

 

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট বিভাগীয় গণসমাবেশে অংশ নিতে শুক্রবার (১৮ নভেম্বর) বিকাল থেকে নগরীতে লাঠি হাতে শোডাউন করতে দেখা গেছে কর্মীদের। শোডাউনে অংশ নেওয়া প্রায় প্রত্যেকের হাতেই লাঠি দেখা গেছে। এতে সাধারণ নগরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

কারো কারো হাতের লাঠিতে জাতীয় ও দলীয় পতাকা এবং ধানের শীষও ছিল।

‘প্রতিরোধের প্রস্তুতি নিয়ে’ লাঠি হাতে সমাবেশে এসেছেন বলে পরিস্কার জানিয়েছেন তারা।

শুক্রবার সন্ধ্যায় সিলেটের জৈন্তাপুর উপজেলা বিএনপির একটি মিছিল আসে সমাবেশ স্থলের উদ্দেশ্যে। জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদের নেতৃত্বে আসা মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ওই মিছিলে প্রায় প্রত্যেকের হাতে বড় বড় লাঠি দেখা গেছে। কারো কারো হাতের লাঠিতে অবশ্য পতাকা ও ধানের শিষের ছিল। এসময় তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও খালেদা জিয়ার নামে শ্লোগান দেন।

কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান মিজানের নেতৃত্বে মিছিলেও প্রচুর লাঠি দেখা গেছে। সমাবেশে আসা প্রায় প্রতিটি মিছিলে এমন দৃশ্য দেখা যায়।

মিছিলে হরিপুর থেকে আসা শাহাবুদ্দিন বলেন, জনগণের অধিকার আদায়ের জন্য কষ্ট করতে হলে করবো। প্রয়োজনে একদিন কেন, তিন মাস না খেয়েও আন্দোলন করবো। তবুও এই সরকারের পতন চাই। আমরা খালেদা জিয়া বা তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে চাই।

তিনি আরও বলেন, আমাদের কেউ বাধা দেয়ার চেষ্টা করলে প্রতিহত করতে লাঠি নিয়ে এসেছি।

গোয়াইনঘাট থেকে আসা যুবদলকর্মী৷জয়নাল আহমদ বলেন, চাল-ডালের দাম যে হারে বাড়ছে আমরা খেয়ে বাঁচা দায়।তাই এই সরকারের পতন ছাড়া কোনো আপোষ হবে না।

এদিকে বিএনপি কর্মীদের লাঠি হাতে মিছিল করতে দেখে নগরীর বিভিন্ন এলাকায় কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। চৌহাট্টা এলাকার অধিবাসী, ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুল কুদ্দুস আতঙ্ক মিশ্রিত কৌতুহলী কন্ঠে জানতে চাইলেন, কিতা ভাই? লাঠিসটা লইয়া মিছিল কি? ডান্ডাডান্ডি অইবো না কিতা?

দরগাগেইট এলাকার স্কুল শিক্ষক শিহাব শাহেদ বলেন, শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি অশান্তিতে রূপ নিক আমরা তা চাইনা।

তিনি আইনশৃঙখলা বাহিনীসহ সবপক্ষকে সিলেটের রাজনৈতিক সম্প্রীতির বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে বলেন, আমাদের ঐতিহ্য যাতে নষ্ট না হয়, সে ব্যাপারে সবার সচেতনতা কাম্য।

তিনি আরও বলেন, কেউ যদি আমাদের আঘাত করতে আসে তার প্রতিবাদ জানানোর অধিকার আমার আছে।

প্রসঙ্গত- বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি, তত্ত্বাবধায়ক সরকার, সংসদ বিলুপ্ত ও সরকারের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বিভিন্ন বিভাগে বিএনপি বিভাগীয় সমাবেশ করছে। ইতিমধ্যে কয়েকটি বিভাগে গণসমাবেশ করেছে দলটি। এরই ধারাবাহিকতায় সিলেটেও আগামীকাল শনিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টায় আলিয়া মাদ্রাসা মাঠে গণসমাবেশ অনুষ্ঠিত হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ