২ জঙ্গিকে ধরতে রেড এলার্ট জারি ও পুরস্কার ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, নভেম্বর ২০, ২০২২ ৪:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, নভেম্বর ২০, ২০২২ ৪:৫২ অপরাহ্ণ

সিএমএম কোর্ট প্রাঙ্গন থেকে পুলিশ সদস্যদের চোখে-মুখে স্প্রে মেরে জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফিন দীপন এবং লেখক অভিজিৎ রায় হত্যা মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত দুই জঙ্গির পলায়নের ঘটনায় রাজধানীতে রেড এলার্ট জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। একই সঙ্গে এই দুই জঙ্গিকে ধরতে ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
রোববার (২০ নভেম্বর) এই ঘটনার পরপরই প্রতিটি থানা ও অন্যান্য ইউনিটকে চেকপোস্ট বসানোর নির্দেশনা দেয়া হয়। এরই মধ্যে দুই জঙ্গির পলায়নে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।
এই তথ্য নিশ্চিত করে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, দুই জঙ্গিদের গ্রেফতারে আমরা রেড এলার্ট জারি করেছি। পাশাপাশি এই ঘটনা বিস্তর তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।
প্রসঙ্গত এদিন (রোববার ২০ ডিসেম্বর) মৃত্যুদন্ডপ্রাপ্ত জঙ্গি সুনামগঞ্জের ছাতক উপজেলার মাধবপুরের মইনুল হাসান শামীম ও লালমনিরহাটের আদিতমারি উপজেলার ভেটশ্বর গ্রামের আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিবকে উক্ত মামলায় আদালতে হাজির করা হয়। হাজিরা শেষে পুলিশ সদস্যরা তাদের ফেরত নিয়ে যাওয়ার সময় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
অন্যদিকে, দুই জঙ্গির পালানোর ঘটনায় পুরো আদালত এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আদালত প্রাঙ্গনে মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ সদস্য। পুরো এলাকায় চালানো হচ্ছে তল্লাশি। এছাড়া, ডিবি পুলিশ, সোয়াট, র্যাব ও কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদসদের বাড়তি তৎপরতা দেখা গেছে। বোম্ব ডিসপোজাল ইউনিট-সোয়াট ও পুলিশের বিভিন্ন সাজোয়ান যান মোতায়েন করা হয়েছে।
ঘটনার পরপরই পুলিশের ঊর্ধ্বতনরা ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন। ডিবি প্রধান হারুন অর রশীদ, সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামানসহ আরো ঊর্ধ্বতনরা বর্তমানে আদালত এলাকায় অবস্থান করছেন।
ঘটনাস্থল পরিদর্শনে আসা ডিবি পুলিশের প্রধান হারুন আর রশীদ বলেন, আমরা শুনেছি আদালতের গেটে দায়িত্বরত পুলিশ সদস্যদের চোখে স্প্রে করে দুই জঙ্গিকে ছিনিয়েছে অপর জঙ্গিরা। চার জন জঙ্গি মোটরসাইকেল করে আদালতে এসে দুই জনকে ছিনিয়ে নেয় পুলিশের চোখে স্প্রে মেরে। চোখে স্প্রে করার কারণে দায়িত্বরতরা কিছু দেখতে পারেনি।
২০২১ সালের ১০ ফেব্রুয়ারি জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা এবং লেখক অভিজিৎ রায় হত্যা মামলায় বর্তমানে পলাতক দুই জনসহ মোট ৮ আসামির মৃত্যুদণ্ড দেন আদালত।
জনতার আওয়াজ/আ আ