নয়াপল্টনে পুলিশ-বিএনপি সংঘর্ষ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, ডিসেম্বর ৭, ২০২২ ৪:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, ডিসেম্বর ৭, ২০২২ ৪:৩২ অপরাহ্ণ

আগামী ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এ সময় নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।
বুধবার (৭ ডিসেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে নেতাকর্মীদের সাথে পুলিশের এ সংঘর্ষ বাধে।
প্রত্যক্ষদর্শীরা জনিয়েছেন, বুধবার সকাল থেকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির নেতাকর্মীরা জড়ো হতে শুরু করে। দুপুরে নেতাকর্মীদের ভিড় দেখা যায়। এ সময় পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে।
এদিন সকালে থেকে দলীয় কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নিয়ে নয়াপল্টনে সমাবেশ করার পক্ষে স্লোগান দেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে মুহুর্মুহু টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পুলিশ। ব্যবহার করা হয় রায়টকার ও জলকামান।

অন্যদিকে বিএনপির নেতাকর্মীরা স্লোগান দিয়ে পাল্টা ইটপাটকেল ছুড়তে থাকেন এবং লাঠিসোঁটা নিয়ে পুলিশকে ধাওয়া করে। দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় নয়াপল্টন উত্তপ্ত হয়ে উঠে। একপর্যায়ে ফকিরাপুল মোড় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশের ছোড়া অসংখ্য টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডে ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়ে দলীয় কার্যালয় ও এর আশপাশ এলাকা।
এদিকে, এ সংঘর্ষের ঘটনায় সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে বিএনপির নেতাকর্মী ও পুলিশও রয়েছেন।
বিকেল সাড়ে ৩টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের থেমে থেমে সংঘর্ষ চলছে।
জনতার আওয়াজ/আ আ