সম্মানিত দুইজন রাজনৈতিক ব্যক্তিত্বকে রাতের অন্ধকারে তুলে নিয়ে যাওয়া দুঃখজনক: কর্ণেল অলি - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:০২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সম্মানিত দুইজন রাজনৈতিক ব্যক্তিত্বকে রাতের অন্ধকারে তুলে নিয়ে যাওয়া দুঃখজনক: কর্ণেল অলি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ৯, ২০২২ ৩:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ৯, ২০২২ ৩:০৬ অপরাহ্ণ

 

দেশের সম্মানিত দুইজন রাজনৈতিক ব্যক্তিত্বকে রাতের অন্ধকারে তুলে নিয়ে যাওয়া অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। একইসাথে তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেফতার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

কর্নেল অলি বলেন, বর্তমান সরকারের দুঃশাসনের বিষবাষ্প ভয়াবহ রুপ ধারণ করেছে। নিশিরাতের সরকার দুঃশাসন জারি রেখে বিএনপি এবং বিরোধীদলগুলোর নেতাকর্মীদের নিধনে লিপ্ত রয়েছে। তারা রাতের অন্ধকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে তুলে নিয়ে গেছে। তারা দুইজনই বয়োজ্যেষ্ঠ। দেশের এই সম্মানীত দুইজন রাজনৈতিক ব্যক্তিত্বকে রাতের অন্ধকারে তুলে নিয়ে যাওয়া অত্যন্ত দুঃখজনক। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার দেশব্যাপী লাগামহীন খুন জখমে মেতে উঠেছে। স্বৈরাচারী সরকারের ভয়াবহ দুঃশাসনের জাঁতাকলে দেশের মানুষ পিষ্ট। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, এ ধরনের স্বৈরাচারী আচরণ রাষ্ট্রের জন্য কল্যাণকর নয়। অবিলম্বে আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসসহ সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবি জানাই।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ