পদত্যাগ নিয়ে যা বললেন এমপিরা - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:১৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পদত্যাগ নিয়ে যা বললেন এমপিরা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ডিসেম্বর ১০, ২০২২ ৩:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ডিসেম্বর ১০, ২০২২ ৩:০৮ অপরাহ্ণ

 

রাজধানীর গোলাপবাগ মাঠের সমাবেশ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিএনপির সাতজন সংসদ সদস্য। এর আগে দলের কাছে তারা পদত্যাগপত্র জমা দেন। বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য জি এম সিরাজ প্রথমে পদত্যাগের ঘোষণা দেন।

এরপর অন্য সংসদ সদস্যরা একে একে পদত্যাগের কথা জানান। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি হারুনুর রশীদ দেশের বাইরে থাকায় তার পক্ষে গোলাম মোহাম্মদ সিরাজ পদত্যাগের কথা জানান।

আগামীকাল (১১ ডিসেম্বর) জাতীয় সংসদের স্পিকারের কাছে লিখিতভাবে পদত্যাগপত্র জমাদানের কথা জানিয়ে সংরক্ষিত নারী আসনের এমপি রুমিন ফারহানা বলেন, এই সংসদে থাকা, না থাকার মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা এরই মধ্যে ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি। আগামীকাল হাতে হাতে পৌঁছে দেব। আজ থেকে শেখ হাসিনার অবৈধ সংসদে আমরা নেই।

বগুড়া-৬ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, আমি নির্বাচিত এমপি, কিন্তু অনির্বাচিত সংসদ। সাড়ে তিন বছর এই সংসদে ছিলাম। এই সংসদে জনগণের কোন কথা আওয়ামী লীগ বলে নাই। আওয়ামী লীগ এই সংসদকে বানিয়েছে বন্দনার বাক্স। যেখানে শেখ হাসিনার বন্দনা ছাড়া আর কোন বন্দনা চলে না।

তিনি বলেন, বর্তমান সংসদ জনগণের সংসদ নয়। যে কারণে আজ লক্ষ লক্ষ জনতা জড়ো হয়েছে, কারণ একটায় এই সংসদকে জনতার সংসদ বানাতে হবে। এই সংসদে আসতে হবে জনগণের অধিকার নিয়ে। জনগণের ভোটে নির্বাচিতরা আসবেন এই সংসদে। আমরা সাতজন এমপি এই সংসদে আছি। আমাদের স্থায়ী কমিটিতে সিদ্ধান্ত হয়েছে, এই বিশাল জনসমুদ্রকে সাক্ষী রেখে আমরা সংসদ থেকে পদত্যাগের ঘোষণা করলাম।

সমাবেশে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন বলেন, ‘এই সরকারের অধীনেও নির্বাচনে গিয়ে আমরা দেখতে চেয়েছিলাম হয়তো তাদের বোধোদয় হবে। তারা মানুষকে গণতন্ত্রের ভাষায় মূল্যায়ন করবে। কিন্তু সেই ভাষায় মূল্যায়ন করেনি। আপনারা দেখেছেন, তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় মানুষকে পাখির মতো গুলি করছে।’

তিনি আরও বলেন, ‘যেই গণতন্ত্রের জন্য মানুষ যুদ্ধ করেছিল, জীবন দিয়েছিল, দেশকে স্বাধীন করেছিল, সেই স্বাধীনতাকে খর্ব করেছে। এরই মধ্যে আপনারা দেখেছেন, বুধবার আমাদের পার্টি অফিসের সামনে আমাদের নেতাকে গুলি করে। আমাদের চাওয়া ছিল, ১৭ কোটি মানুষের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে দেওয়া। সরকার কোনো কিছুকে তোয়াক্কা করেনি। আমরা দলের সিদ্ধান্ত অনুযায়ী মেনে নিয়ে অবৈধ সংসদ থেকে পদত্যাগ করলাম।’

পদত্যাগ করা বিএনপির সাত এমপি হলেন- বগুড়া-৬ আসনে গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৪ আসনে মোশাররফ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উকিল আবদুস সাত্তার, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুনুর রশীদ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আমিনুল ইসলাম, ঠাকুরগাঁও-৩ আসনে জাহিদুর রহমান জাহিদ ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।

গতকাল বিকাল থেকে নানা রঙের টি-শার্ট-ক্যাপ পরে মিছিল নিয়ে সমাবেশে আসতে থাকেন নেতা-কর্মীরা। রাতেই ভরে যায় গোলাপবাগ মাঠ। গোলাপবাগ মাঠে জায়গা না পেয়ে বিএনপির নেতাকর্মীরা মানিকনগর, টিটিপাড়া ও কমলাপুরের রাস্তায় অবস্থান নিয়েছেন। দলটির নেতাকর্মীরা গ্রুপে গ্রুপে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। বিএনপির নেতাকর্মীদের স্লোগানে সমাবেশস্থল ও এর আশপাশে এলাকার রাস্তায় মুখরিত হয়ে আছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ