যেকোন সময় ফ্যাসিবাদী সরকারের পতন অনিবার্য’: রহমাতুল্লাহ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, ডিসেম্বর ১৩, ২০২২ ৯:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, ডিসেম্বর ১৩, ২০২২ ৯:১৭ অপরাহ্ণ

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন, ‘১০টি বিভাগীয় শহরে বিএনপির গণসমাবেশে লাখ লাখ মানুষের উপস্থিতি দেখে সরকার ভীত হয়ে গেছে, তাদের পায়ের তলার মাটি সরে গেছে, যেকোন সময় ফ্যাসিবাদী সরকারের পতন অনিবার্য’।
আজ মঙ্গলবার সকালে বরিশাল জেলা ও মহানগর বিএনপির প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। বরিশাল নগরীর মহানগর ও জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ নেতাকর্মীদের মুক্তি এবং চলমান কর্মসূচিতে নেতাকর্মীদের গুলি করে হত্যার প্রতিবাদে এ সভা অনুষ্ঠিত হয়।
রহমাতুল্লাহ বলেন, এই অবৈধ সরকার এদেশের মানুষরে আর থামিয়ে রাখতে পারবে না। জনগণ জেগে উঠেছে তারা তাদের দাবি আদায় করেই ছাড়বে।
সভায় মহানগর বিএনপির আহ্ববায়ক মো. মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদসহ অন্যান্যরা।
এ সময় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট আকতার হোসেন মেবুলসহ অন্যান্যরা।
জনতার আওয়াজ/আ আ