আত্মহত্যা করেনি, পরিকল্পিতভাবেই হত্যা করা হয়েছে : ফারদিনের বাবা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৫, ২০২২ ৩:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৫, ২০২২ ৩:৫৭ অপরাহ্ণ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েটের শিক্ষার্থী ফারদিন নুর পরশকে খুন করা হয়নি। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায়ও তার মৃত্যু হয়নি। কর্তৃপক্ষের এমন তথ্য এবং বক্তব্য কোনভাবেই মেনে নিচ্ছেন না ফারদিনের বাবা নূরউদ্দিন রানা।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে ডিবি কার্যালয়ে অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে দেখা করে ফারদিনের মারা যাওয়ার ঘটনা সম্পর্কিত বিস্তারিত তথ্য-উপাত্ত এবং ফুটেজ দেখতে আসেন ফারদিনের সহপাঠীরা। এসময় গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে উপস্থিত না থাকলেও, ফারদিনের বাবা ডিবি কার্যালয়ের মিডিয়া সেন্টারে উপস্থিত হয়ে সাংবাদিকদের চিৎকার করে বলতে থাকেন বলেন, ‘আমি মানি না, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। বিষয়টি আমি এখনও মানি না।’
কেন তিনি হত্যা বলে মনে করছেন জানতে চাইলে নূরউদ্দিন বলেন, ‘র্যাব বা ডিবি কোনো ভিডিও দেখাতে পারেনি, কোনো প্রমাণ দেখাতে পারেনি।’
সেক্ষেত্রে কে ফারদিনকে হত্যা করে থাকতে পারে– এমন প্রশ্নে তিনি বলেন, ‘তদন্তকারী সংস্থাই সেটা বের করবে।’
নূরউদ্দিন আরও বলেন, ‘আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যার পর এখন আত্মহত্যার নাটক সাজানো হচ্ছে। ছোটবেলা থেকেই আমার ছেলেরা অভাব অনটনের মধ্য দিয়ে বড় হয়েছে। সব ধরনের পরিস্থিতির সঙ্গে চলতে পারা আমার ছেলে আত্মহত্যা করতে পারে না। ঘটনার দিন বুয়েটে উদ্দেশ্যে বের হওয়ার আগে সে চুল কাটিয়েছিল এবং সেভ করেছিল। আত্মহত্যার আগে কি কেউ চুল কাটে আর সেভ করে।’
এছাড়া, ফারদিনের মরদেহের দুটি ছবি দেখিয়ে তিনি বলেন, ‘আমি ফারদিনের লাশ দেখেছি, তাঁর মাথায় আঘাতের চিহ্ন ছিল। পরিকল্পিত এই হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে নেয়ার জন্যই শুরু থেকে নানা মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে। বিভ্রান্ত করা হয়েছে। সাংবাদিক ভাইদের আমি অনুরোধ করে বলছি আপনারা আমার সঙ্গে সুলতানা কামাল ব্রিজে চলেন আমি ব্রিজ থেকে লাফ দিব, সেখান থেকে পড়লে কতটা আঘাত লাগে আপনারা দেখবেন।’
ডিবির এই তদন্ত নিয়ে নারাজী দিবেন কিনা জানতে চাইলে, তিনি বলেন, ‘এরপরেও কি আর নারাজি দিতে হবে।’
জনতার আওয়াজ/আ আ