‘বাংলাদেশের মাটিতে তত্ত্বাবধায়ক সরকার আর আসবে না’ - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:১৬, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

‘বাংলাদেশের মাটিতে তত্ত্বাবধায়ক সরকার আর আসবে না’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ২০, ২০২২ ১০:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ২০, ২০২২ ১০:২৫ অপরাহ্ণ

 

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম বলেছেন, ‘বিএনপি জানে তারা নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না। তারা চায়, জিয়ার মতো আরেকটি ক্ষমতা পরিবর্তন হয় কি-না। এরশাদ ও জিয়ার কায়দায় পরিবেশ ঘোলাটে করে ক্ষমতায় আসতে চায়। সেই ষড়যন্ত্র বাংলাদেশের মাটিতে কখনও হবে না। বাংলাদেশের মাটিতে তত্ত্বাবধায়কের মতো সরকার আর আসবে না।’

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ উপজেলা সদরের শ্রম ও কল্যাণ কেন্দ্র মাঠে সমন্বিত সংস্কৃতি বিকাশ কেন্দ্র আয়োজিত ১০ দিনব্যাপী বিজয় মেলায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
কামরুল ইসলাম বলেন, ‘‘বিএনপি মিথ্যাচার করে। এরা দেশকে ধ্বংস করতে চায়। রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আজকে বাংলাদেশের বিরুদ্ধে বিদেশির কাছে তারা (বিএনপি নেতা) নালিশ করে। বিদেশি কূটনীতিকরাও শিষ্টাচার মানছেন না। তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছেন।’
সাবেক খাদ্যমন্ত্রী বলেন, ‘তারা (বিএনপি) লন্ডন থেকে বলে, টেক ব্যাক বাংলাদেশ। তারা বাংলাদেশকে পিছিয়ে নিয়ে যেতে চায়। আর আমরা চাই, স্মার্ট বাংলাদেশ বানাতে।’

ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘২০২৪ সালের নির্বাচনে আবারও শেখ হাসিনা ক্ষমতায় আসবেন। নির্বাচন কমিশন বাতিল হবে না। সংবিধান সম্মতভাবে নির্বাচন হবে। সেই নির্বাচনে আপনারা আসবেন। না এলে আপনাদের অস্তিত্ব বিলীন হবে।’
তিনি বলেন, ‘বাংলাদেশের মাটিতে রাষ্ট্রীয় ক্ষমতা থাকবে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি। বিরোধী দলেও থাকবেন মুক্তিযুদ্ধের স্বপক্ষে শক্তি, সেই লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে।’

সমন্বিত সংস্কৃতি বিকাশ কেন্দ্রের সদস্য ও আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ সদস্য আল মামুন সরকার, জেলা আওয়ামী লীগ নেতা মঈন উদ্দিন, আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নাসের আহমেদ। ছাত্রলীগের সাবেক সভাপতি মতিউর রহমান সরকারসহ দলীয় নেতৃবৃন্দ। এ সময় আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ সহ সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ